আগামী ১৫ আগস্ট ভারতে মুক্তি পেতে যাচ্ছে দুটি তারকাবহুল সিনেমা। একটি সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘কুলি’। এটি পরিচালনা করেছেন লোকেশ কানাগরাজ। অপরটি হলো, হৃত্বিক রোশন-জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’। দুটি ছবিই চলতি বছরের সবচেয়ে বেশি আলোচিত এবং প্রতীক্ষিত সিনেমা।
দুই সিনেমাই দক্ষিণ ও বলিউডের তারকায় ঠাসা। তাই ধারণা করা হচ্ছে, বক্স অফিসে ‘কুলি' ও ‘ওয়ার ২’-এর হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে।
ইতোমধ্যে ছবি দুটির সীমিত পরিসরে ভারত ও ভারতের বাইরে অগ্রীম টিকিট বিক্রিও শুরু হয়েছে। এক্ষেত্রে মুক্তির আগেই রজনীকান্তের ছবি হৃতিক-এনটিআরকে পেছনে ফেলে দিয়েছে।
অগ্রিম টিকিট বিক্রিতে কুলির কাছে পাত্তাই পাচ্ছে না ‘ওয়ার ২’। গতকাল পর্যন্ত উত্তর আমেরিকায় রজনীর সিনেমার টিকিট বিক্রি হয়েছে প্রায় ১৩ কোটি রুপির। গতকাল তামিলনাড়ুতে সীমিত পরিসরে শুরু হয় ‘কুলি’-র অগ্রিম টিকিট বিক্রি, আধ ঘণ্টার মধ্যেই প্রায় ৪০ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে।
ধারণা করা হচ্ছে, প্রথম দিনে বিশ্বব্যাপী ১২০ কোটি রুপির মতো আয় করতে পারে ছবিটি। এতে রজনীকান্তের সঙ্গে আছেন নাগার্জুনা, আমির খান, উপেন্দ্র, শ্রুতি হাসান প্রমুখ। অন্যদিকে উত্তর আমেরিকায় ‘ওয়ার ২’-র টিকিট বিক্রি গতকাল পর্যন্ত মোটে তিন কোটি রুপি। ভারতে ছবিটির অগ্রীম টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল থেকে।
এতে অভিনয় করেছেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর, কিয়ারা আদভানি প্রমুখ। ‘ওয়ার ২’-এর নির্মাতা অয়ন মুখার্জি।
/এমএস