জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে এই প্রজন্মের অভিনেত্রী, নৃত্যশিল্পী ও উপস্থাপিকা মিম চৌধুরী প্রথম অভিনয় করেন ‘ভদ্রলোক’ নামের একটি নাটকে। এরপর তারা জুটিবেঁধে ‘হারামখোর’, ‘প্যানিক হাজব্যা’, ‘বাদী যখন বেগম’, ‘বউ একটা প্যারা’ নাটকে অভিনয় করেন।
এবার মোশাররফ করিম ও মিম চৌধুরী একসঙ্গে একই পরিচালকের নতুন দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। দুটি নাটকই নির্মাণ করেছেন শামস করিম। একটি ‘রঙ্গিলা পুতুল’, আরেকটি নাটকের নাম ‘৭ কিলো ১ গ্রাম’। ‘রঙ্গিলা পুতুল’ নাটক রচনা করেছেন মানস পাল। ‘৭ কিলো ১ গ্রাম’নাটকটির রচয়িতা জুয়েল এলিন।
ইতোমধ্যেই নাটক দুটির কাজ শেষ হয়েছে। চলছে সম্পাদনা। শিগগিরই নাটক দুটি ভিন্ন দুটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে। এ সম্পর্কে মোশাররফ করিম বলেন, ‘দুটি ধারাবাহিকের গল্প স্বাভাবিক ভাবেই ভিন্ন প্লটের। দুটি কাজই ভালো হয়েছে। এরই মধ্যে আমার বন্ধু শামীম জামানেরও একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছি। যেখানে আমি, শামীম, আখম হাসান, জুঁই’সহ আরও অনেকেই আছেন। প্রচারও শুরু হয়ে গেছে।
‘রঙ্গিলা পুতুল’ ও ‘৭ কিলো ১ গ্রাম’ শিগগিরই প্রচারে আসবে। মিম এখন বেশ ভালো অভিনয় করছে। অভিনয়ের প্রতি তার ভালোবাসাটা প্রবল এবং ভালো করার চেষ্টা বা সংগ্রামটা তার মধ্যে আমি দেখেছি। সে আগামীতে আরও অনেক ভালো করবে। নাটক দুটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’
মিম চৌধুরী বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করা মানেই হলো শেখার অনেক কিছু থাকে। একটি চরিত্রকে কতটা পারফেক্টলি উপস্থাপন করা যায়, তা গভীরভাবে শেখা যায়। ভাইয়ার সঙ্গে যতই নাটক প্রচার হয় ততই মনে হয় যে, আরেকটু ভালো করতে পারলে আরও ভালো হতো।
ভাইয়া নিজেও অভিনয়ের খুঁটিনাটি শেখান। আবার এমন অনেক গল্পও আছে যা প্রবল আগ্রহ নিয়েই শুনি, পরবর্তীতে আমাদের কাজে লাগে। শামস করিম ভাইকে ধন্যবাদ দুটো নাটকেই আমাকে মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য।’
/এমএস


.jpg)