পৃথিবীজুড়েই রয়েছে তুর্কি সিরিজের জনপ্রিয়তা। বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় ডাবিং করে এই সিরিজগুলো প্রচারিত হয়। বাংলাদেশেও তুর্কি সিরিজগুলো তুমুল জনপ্রিয়। মাছরাঙা, এনটিভিসহ দেশের আরও কিছু টেলিভিশন চ্যানেল তুর্কি সিরিজ প্রচার করে থাকে। এই ধারাবাহিকতায় বাংলাভিশনে প্রথমবারের মতো প্রচার শুরু হতে যাচ্ছে তুর্কি সিরিজ ‘সুলতান আবদুল হামিদ’।
তুরস্কের জনপ্রিয় ঐতিহাসিক ধারাবাহিক সিরিজ ‘সুলতান আবদুল হামিদ’ এখন দর্শকদের কাছে ইতিহাসভিত্তিক এক অনন্য নাট্যরূপ হিসেবে সমাদৃত। অটোমান সাম্রাজ্যের শেষ যুগে সুলতান আবদুল হামিদ দ্বিতীয়ের শাসনকালকে কেন্দ্র করে নির্মিত এই সিরিজে তুলে ধরা হয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র, বৈদেশিক চক্রান্ত, অভ্যন্তরীণ বিদ্রোহ এবং সম্রাটের ব্যক্তিজীবনের নানা নাটকীয় মুহূর্ত।
ধারাবাহিকটির মূল কাহিনিতে বিশেষ গুরুত্ব পেয়েছে হিজাজ রেল প্রকল্পের স্বপ্ন, গ্রিক-তুর্কি যুদ্ধ, তেলের কূটনীতি এবং তরুণ তুর্কিদের বিদ্রোহ। কূটনৈতিক বুদ্ধিমত্তা, দূরদর্শী নেতৃত্ব এবং দৃঢ় সিদ্ধান্তের মাধ্যমে সুলতান কীভাবে সাম্রাজ্যকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে চেষ্টা করেছিলেন, তারই চিত্রময় উপস্থাপন ঘটেছে এ সিরিজে।
আসছে সেপ্টেম্বর থেকে প্রতি শনিবার থেকে মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে এই আলোচিত সিরিজটি।
/এমএস