জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী তার দীর্ঘদিনের সংগীতজীবনের পথচলায় বৃষ্টি নিয়ে বেশ কয়েকটি গান গেয়েছেন। তবে এবার তিনি বৃষ্টি নিয়ে যে গানটি গেয়েছেন, সেই গানটি নিয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত। কারণ এ গানটির কথা এবং সুর তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। গানের শিরোনাম ‘মেঘলা আকাশ’। ‘মেঘলা আকাশ’ নামে বাংলাদেশে এর আগে একটি সিনেমা নির্মিত হয়েছিল। যা নির্মাণ করেছিলেন নারগিস আক্তার। যাতে অভিনয় করেছিলেন উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমী, বাংলাদেশের প্রিয়দর্শিনী মৌসুমীসহ আরও অনেকে।
এবার ‘মেঘলা আকাশ’ নামে ফাহমিদা নবীর কণ্ঠে গান আসছে। গানের প্রথম দুটি লাইন এমন- ‘মেঘলা আকাশ ভেঙে পড়ে আমার জানালায়, সময়গুলো থমকে যেন যায়’। গানটি লিখেছেন আব্দুল ও সোহানা। তারা দুজন স্বামী-স্ত্রী। সুর ও সংগীত করেছেন আব্দুল। ফাহমিদা নবীর সঙ্গে গেয়েছেনও আব্দুল।
গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, “এর আগেও আমি বৃষ্টি নিয়ে গান গেয়েছি। কিন্তু আব্দুল ও সোহানার লেখা এই গানটি এত বেশি ভালো লেগেছে আমার, যা ভাষায় প্রকাশের নয়। গানের কথা ও সুরের এত চমৎকার মেলবন্ধন, যা আগে আমার কোনো বৃষ্টির গানে পাইনি আমি। গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী এবং ভীষণ উচ্ছ্বসিত। গানটি এতই চমৎকার যে আমরা আগামী মাসের শুরুতে সিলেটে এই গানের মিউজিক ভিডিও করতে যাচ্ছি। যেন ‘মেঘলা আকাশ’ গানটির যথাযথ ভিডিও হয়। এই গানের কোনোরকম ভিডিওর পক্ষপাতী আমি নই। তাই মূলত সিলেটে যাওয়া। আশা করছি গানটি যেমন মনের মতো হয়েছে, ভিডিওটিও হবে আরও অনেক বেশি ভালো লাগার। ধন্যবাদ আব্দুল ও সোহানাকে এত চমৎকার একটি গানের জন্য।”
এদিকে গত ২৭ আগস্ট বিটিভিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে ফাহমিদা নবীকে একটি অনুষ্ঠানে নজরুলসংগীত পরিবেশন করতে দেখা যায়। এদিকে কিছুদিন আগে মাছরাঙ্গা টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘তোমায় গান শোনাবো’র ছয় শততম পর্বে সংগীত পরিবেশন করেছেন ফাহমিদা নবী।
অপরদিকে ফাহমিদা নবী তার নিজের সুর করা গান নিয়েও ভীষণ ব্যস্ত। একে একে তার সুর করা গানগুলোও প্রকাশ পাবে।
/আবরার জাহিন