এ সময়ের ছোটপর্দার জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহা। জুটিবেঁধে অনেক নাটকে অভিনয় করেছেন তারা। এবার স্বামী-স্ত্রীর ভূমিকায় একটি ইউটিউব ফিল্মে অভিনয় করেছেন এই দুই তারকা। এর নাম ‘সহযাত্রী’। নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
দাম্পত্য জীবনের অন্যরকম একটি ঘটনাকে কেন্দ্র করেই ইউটিউব ফিল্মের গল্প এগিয়ে যাবে। ইউটিউব ফিল্মটি রচনা করেছেন জোবায়েদ আহসান। গল্প ও পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
নির্মাতা রাজ বলেন, ‘স্বামী ও স্ত্রী সৃষ্টিকর্তার জুড়ে দেওয়া একটি সম্পর্ক। সংসারে তাদের একে অপরের প্রতি ভালোবাসা, মর্যাদা ও মায়া-মমতার ওপর সুখী দাম্পত্য জীবন গড়ে ওঠে। কিন্তু এসব অনুভূতি দেখা যায় না। ফলে সম্পর্কে এগুলো আছে নাকি নেই সেই ভাবনা স্বামী ও স্ত্রীকে কোথায় ঠেলে দিতে পারে, এই ইউটিউব ফিল্মে সেটাই দেখানোর চেষ্টা করেছি।’
গত ২২ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত এর শুটিং হয়েছে ঢাকার ফার্মগেট, উত্তরা ও সাভারে। এতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ডা. এজাজুল ইসলাম, মনিরা আক্তার মিঠু, সুষমা সরকার, মাহমুদুল ইসলাম মিঠু, শিল্পী সরকার অপু, এমএনইউ রাজু, তাবাসসুম ছোঁয়া, তানজিম হাসান অনিক, ডিকন নূর, এস এম আশরাফুল আলম সোহাগ, এবি রোকন, শম্পা, শেরতাজ জাহান জেবিন, সেলজুক তারিক আল হাশিমী, শফিজ মামুন ও শামীম মোল্লা।
‘সহযাত্রী’তে একটি মৌলিক গান রয়েছে। এর শিরোনাম ‘আঘাত’। এটি গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। এর কথা লিখেছেন লুৎফর হাসান। সুর ও সংগীত পরিচালনায় শাহরিয়ার মার্সেল।
আগামী সেপ্টেম্বরে ইউটিউব সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘সহযাত্রী’।
/এস লুপিন