ফেইমের নতুন প্রযোজনা ‘বাল্মীকি প্রতিভা’। আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর শুক্র ও শনিবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে নাটকটির দুটি প্রদর্শনী করবে। দুদিনই মঞ্চায়ন শুরু হবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে।
তিলোত্তমা সেনগুপ্তার পরিকল্পনা ও নির্দেশনায় ফেইমের এ নব প্রযোজনায় অংশ নিচ্ছে নৃত্যকলা বিভাগ, নাট্যকলা বিভাগ ও শিশুনাট্য বিভাগের শিক্ষার্থীবৃন্দ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত এ সৃষ্টিতে অভিনয় করছেন- তিলোত্তমা সেনগুপ্তা, সাজেদা আক্তার সাজু, ভার্ণিকা অন্বেষা দাশ, অনির্ভা সেন শর্ম্মা, দীপান্বিতা দাশ, রিংকু দাশ অনু, সুস্মিতা সরকার কথা, অপরাজিতা চৌধুরী, অমিতা বড়ুয়া, অরুণা দত্ত, হৃদয় দেব, ইনান ইলহাম, সাবিহা বিনতে জসিম, দীপ্ত চক্রবর্তী, কমল বড়ুয়া, আরিয়ানা হক রোদেলা, শারদ প্রত্যুষ বল, আদিত্য নন্দী ও প্রেক্ষা দাশ।
নাটকে দেখা যাবে- মুনিপুত্র বাল্মীকি প্রথম জীবনে ছিলেন দস্যু সর্দার রত্নাকর। অরণ্যে বাস করে দস্যুবৃত্তি করে জীবনধারণ করতেন। একদিন তার অনুচরেরা নরবলির জন্য এক বালিকাকে ধরে আনে। সেই বালিকাকে বলি দিতে যাবে, এমন সময় বালিকার করুণ গান শুনে বিহ্বল হয়ে পড়লেন রত্নাকর।
অনুচরবর্গকে বালিকার বাঁধন খুলে মুক্তি দিতে আদেশ করলেন তিনি। শূন্যমনে বনপথে ঘুরতে লাগলেন। তেমনি একদিন এক ব্যাধকে ক্রৌঞ্চমিথুন বধ করতে দেখে রত্নাকরের মুখ দিয়ে নির্গত হলো শ্লোক। উচ্চারণ করেই শিহরিত হলেন রত্নাকর। পাল্টে যান তিনি। এক শুদ্ধপ্রাণরূপে আবির্ভূত হন বাল্মীকি। এমনই এক কাহিনিকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাল্মীকি প্রতিভা’।
/এমএস