দেশের চলচ্চিত্র অঙ্গণের জীবন্ত কিংবদন্তি চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক সোহেল রানা। অভিনয় জীবনে তিনি মোট তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এখন বার্ধক্যে থাকা এই অভিনেতা আজ রোববার (৭ সেপ্টেম্বর) বিএফডিসিতে আয়োজিত দোয়া মাহফিলে সহকর্মী ও দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।
ঢালিউডের প্রয়াত শিল্পীদের স্মরণে আয়োজিত এই দোয়া মাহফিলে প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনায় সেখানে হাজির হন দেশের চলচ্চিত্রের নতুন পুরাতন শিল্পীদের অনেকে। সেখানেই সহকর্মী, দেশবাসী ও সাংবাদিকদের উদ্দেশে কথা বলেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা।
বিএফডিসির আয়োজনে সোহেল রানা বলেন, ‘কে কখন চলে যাব, শিওর না। এই সুযোগে আমার সাথে যারা কাজ করেছে, আর যারা ভবিষ্যতে কাজ করবে, যারা চলচ্চিত্র জগতে আসবে, তাদের সঙ্গে আমি যদি কোনো ভুল-ত্রুটি কিংবা অন্যায় করে থাকি, আজ এই মুহূর্তে আমি এই সুযোগটা নেব, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি কখন মরে যাব, জানি না। তারা যেন আমার ভুল-ত্রুটি অন্যায়গুলোকে ক্ষমা করে দেয়।
আমার জন্য দোয়া করেন, যাতে আমি মহান সৃষ্টিকর্তার কাছে, যে আদর্শ ও উদ্দেশ্য নিয়ে কাজ করেছি, ভুল যে কিছু হয়নি তা নয়, হয়তো ভুল অনেক করেছি। আমি ভুলের জন্য তাদের কাছে ক্ষমা চেয়ে যাচ্ছি। আগামী দিনে সৃষ্টিকর্তার কাছে যাব, সেই সময়ে যেন আমি নীতি বা আদর্শ নিয়ে সঠিক মুসলমান হিসেবে আল্লাহর কাছে যেতে পারি, সে জন্য সকলের কাছে আমি দোয়া চাচ্ছি।’
সোহেল রানা একজন বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রের প্রযোজক তিনি। এই ছবিটিতে মুক্তিযোদ্ধাদের দিয়ে অভিনয় করিয়েছিলেন নির্মাতা-প্রযোজক।
সোহেল রানা নাম ধারণ করে লেখক কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত চরিত্র ‘মাসুদ রানা’র একটি গল্প অবলম্বনে ১৯৭৪ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। একই সিনেমার মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন। এই অভিনেতা ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান। ক্যারিয়ারে তিনশোর অধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।
/এমএস