বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ রূপালি পর্দায় যেমন গ্ল্যামার কুইন, তেমনি বাস্তবে তার মানবিক দিক বারবার হৃদয় ছুঁয়েছে ভক্তদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল এমনই এক দৃশ্য, এক বিরল রোগে আক্রান্ত ছোট্ট শিশুর পাশে দাঁড়ালেন জ্যাকলিন।
ভিডিওতে দেখা যায়, ‘কিক’-খ্যাত এই অভিনেত্রী শিশুটিকে কোলে নিয়ে আদর করছেন, কথা বলছেন। নাম মোহাম্মদ, হাইড্রোসেফালাস নামের এক বিরল রোগে ভুগছে সে। মস্তিষ্কে জমে থাকা অতিরিক্ত তরলের কারণে যে অস্ত্রোপচারের প্রয়োজন, তার সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন জ্যাকলিন। শিশুটির মা-বাবাকে প্রতিশ্রুতি দিয়েছেন, চিকিৎসার খরচের বোঝা তাদের বইতে হবে না।
এই ভিডিওটি শেয়ার করেছেন মুম্বাইয়ের সমাজসেবী ও ইনফ্লুয়েন্সার হুসেইন মানসুরি। তিনি লিখেছেন, ‘শিশুটির অস্ত্রোপচারের দায়িত্ব নেওয়ার জন্য ধন্যবাদ জ্যাকলিন ফার্নান্ডেজজি। আপনি সত্যিই নিষ্পাপ। সবাইকে অনুরোধ করছি শিশুটির জন্য প্রার্থনা করুন।’ উত্তরে জ্যাকলিনও বলেন, ‘ধন্যবাদ হুসেইন ভাই। আসুন, আমরা সবাই মিলে মোহাম্মদ ও তার পরিবারের জন্য প্রার্থনা করি।’
কমেন্ট বক্সে ভালোবাসার বার্তায় ভরে যায় সোশ্যাল মিডিয়া। অনুষা দান্ডেকর লিখেছেন, ‘এই মিষ্টি ছোট্ট ফেরেশতা আর জ্যাকি, তোমাদের দুজনকে অনেক ভালোবাসা।’ এক ভক্ত বলেন, ‘শিগগিরই শিশুটিকে হাঁটতে আর খেলতে দেখার অপেক্ষায় আছি।’ আরেকজন লিখেছেন, ‘চলুন সবাই মিলে ওর জন্য প্রার্থনা করি।’
অভিনয় নিয়েও জ্যাকলিনের ব্যস্ততার কমতি নেই। সামনে মুক্তি পেতে চলেছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। পরিচালনায় আহমেদ খান, প্রযোজনায় ফিরোজ নাদিয়াদওয়ালা। ছবিতে অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, সুনীল শেঠি, পরেশ রাওয়াল, রবিনা টন্ডন, দিশা পাটানি, লারা দত্তসহ আরও বহু তারকা একসঙ্গে অভিনয় করছেন।
প্রসঙ্গত, জ্যাকলিন বহুদিন ধরেই সমাজসেবামূলক কাজে সক্রিয়। তিনি পেটার প্রাণী অধিকার প্রচারে যুক্ত ছিলেন, হ্যাবিট্যাট ফর হিউম্যানিটির সঙ্গে কাজ করেছেন বন্যা ও ত্রাণ প্রকল্পে, এমনকি জাতিসংঘের ‘ওয়াইল্ড ফর লাইফ’ ক্যাম্পেইনের শুভেচ্ছাদূতও হয়েছেন। পাশাপাশি মানসিক স্বাস্থ্য ও মেডিটেশন সচেতনতার জন্যও উদ্যোগ নিয়েছেন তিনি।
/এস লুপিন