ভারতের গোয়ালিয়রের তরুণ উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তানিয়া মিত্তাল। মহাকুম্ভ সফরের একটি ভিডিও ভাইরাল হলে রাতারাতি ইন্টারনেট সেনসেশনে পরিণত হওয়া এই তরুণী এবার নতুন করে আলোচনায়। তবে আলোচনার পাশাপাশি সম্প্রতি তার করা এক দাবি নিয়ে সমালোচনাও আছে বেশ।
বলিউড তারকা সালমান খানের সঞ্চালনায় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এ অংশ নিয়েছেন তানিয়া। বিগ বসের মঞ্চে হাজির হয়ে তানিয়া দাবি করেন, তার রয়েছে ২৬ হাজার বর্গফুট আয়তনের বিলাসবহুল বাড়ি। তার অধীনে কাজ করছেন প্রায় ৮০০ কর্মী। ব্যক্তিগত নিরাপত্তার জন্য রয়েছে একাধিক দেহরক্ষীও। নিজেকে তিনি প্রকাশ্যে কোটিপতি হিসেবে পরিচয় দিয়েছেন। ভারতের সংবাদমাধ্যমগুলোর বরাতে এমনটাই জানা যায়।
কিন্তু এর আগে ‘নিউস্কুপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার একদম ভিন্ন মানসিকতার পরিচয় দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে আদর্শ জীবনসঙ্গী প্রসঙ্গে তানিয়া বলেছিলেন, ‘আমি জানি না আদর্শ সঙ্গী আদৌ এই পৃথিবীতে আছেন কিনা। তবে যদি থাকেন, তিনি বেকার হলেও সমস্যা নেই। আমি প্রকাশ্যে তার পা ছুঁতে রাজি। আমার বিশ্বাস, সম্পর্কে বড়-ছোট বলে কিছু নেই।’
এরপর নিজের ভবিষ্যত স্বামীর প্রতি তিনি কতটা যত্নবান হবেন সে সম্পর্কে বলেন, ‘আমি এমনই ছিলাম যে আমার বয়ফ্রেন্ড খাওয়া শেষ করলে তার হাত মুছিয়ে দেওয়ার জন্য গরম তোয়ালে এনে দিতাম। আমি জানি, বিয়ের পর আমার স্বামীর ক্ষেত্রেও একইভাবে করব। আমি চাই, তিনি যেন নিজেকে রাজা মনে করেন। আমার তিনটি কারখানা আছে। আমি এমন কাউকে চাই না, যে আমার জন্য রোজগার করবে। বরং আমি মনে করি, পুরুষরা চায় সংসারে নিশ্চিন্ত থাকতে। তাই আমি রোজগারও করব, আবার স্বামীর জন্য রান্নাও করব।’
‘আমি ঘরের সব কাজ জানি। আমার মতে, নারীবাদের নামে আমরা স্বামীদের ছাপিয়ে যেতে শুরু করেছি, যা একদমই ঠিক নয়। দেবী সীতাও তো ভগবান রামের চরণ ছুঁয়েছিলেন,’ আরও যোগ করেন তিনি।
/এমএস