দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। বাংলার গণ্ডি পেরিয়ে কাজ করেছেন বলিউডেও। এ ছাড়া এই অভিনেত্রী তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে পুনঃনিযুক্ত করা হয়েছে। ২০২২ সালে প্রথমবার এ দায়িত্বগ্রহণের পর থেকে তিনি ধারাবাহিকভাবে ইউএনডিপির সঙ্গে কাজ করে আসছেন। তার এই মেয়াদ এখন নবায়ন হয়ে আগামী দুই বছর, অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত বহাল থাকবে।
এদিকে দীর্ঘ তিন বছর অপেক্ষার পর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘ফেরেশতে’। আন্তর্জাতিক উৎসবে পুরস্কারজয়ী সিনেমাটি আগামীকাল ১৯ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমার প্রচারণা নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। সিনেমাটি গত ১২ সেপ্টেম্বর মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে এক সপ্তাহ পিছিয়েছে।
সিনেমাটি মূলত সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প। এই গল্পে আছে সংগ্রাম, বঞ্চনা, টিকে থাকার লড়াই ও মানবিকতার অদম্য শক্তি। নির্মাতা ছবিটির শুটিং করেছেন একেবারে বাস্তব লোকেশনে— যেখানে আলো-ঝলমল সাজসজ্জার পরিবর্তে ধরা দিয়েছে নিখাদ বাস্তবতা। ফলে গল্পটি দর্শকের কাছে হয়ে উঠবে আরও কাছের, আরও বিশ্বাসযোগ্য।
এতে জয়াকে দেখা যাবে এক সুবিধাবঞ্চিত নারীর চরিত্রে, যিনি প্রতিকূল পরিস্থিতির মাঝেও সাহস আর শক্তি নিয়ে লড়াই করেন।
চরিত্রটি সম্পর্কে জয়া আহসান বলেন, ‘আমাদের দেশের প্রান্তিক মানুষের ভেতরে যে অদম্য সাহস রয়েছে, সেই সত্যিকারের চরিত্রকেই আমি পর্দায় ফুটিয়ে তুলতে চেয়েছি। শুটিংটা ছিল ভীষণ চ্যালেঞ্জিং, তবে পুরো টিমের সহযোগিতায় কাজটি সুন্দরভাবে শেষ করতে পেরেছি।’
সিনেমাটির অন্যতম একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সুমন ফারুক। তার চরিত্রে ধরা দিয়েছে এক সাধারণ মানুষের অন্তর্গত শক্তি, যিনি সমাজের অসঙ্গতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ান।
এ সম্পর্কে এই অভিনেতা বলেন, ‘আমরা যেমন বিদেশি সিনেমা দেখে তাদের সংস্কৃতি জানতে পারি, তেমনি ‘ফেরেশতে’ আমাদের সমাজ–সংস্কৃতির ভিন্ন একটি গল্প বিশ্ব দর্শকের সামনে তুলে ধরেছে। বিদেশে অসাধারণ সাড়া পেয়েছি। এখন চাই, দেশের মানুষও ছবিটি দেখে গর্বিত হোক। আমার বিশ্বাস হলে গিয়ে সিনেমাটি দেখে দর্শক নিরাশ হবেন না।’
অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেছেন সুমন। নির্মাণের পর থেকেই ‘ফেরেশতে’ ঘুরে বেড়িয়েছে বিশ্বের নানা উৎসবে। ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে জাতীয় পুরস্কার জিতেছে এটি। ২০২৪ সালের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবেও প্রদর্শিত হয়েছিল। ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছে।
এতে জয়া আহসান ও সুমন ফারুক ছাড়াও ছবিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রিকিতা নন্দিনী শিমু, শাহেদ আলী, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী। চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুমিত আল-রশিদ।
/এমএস