দেশের প্রখ্যাত ব্যান্ড তারকা জেমস। তাকে নিয়ে ভক্তদের উন্মাদনার যেন শেষ নেই। চার দশকের সংগীতজীবনে বাংলা ও হিন্দি সিনেমায় অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। ভক্তরাও তাকে ভালোবেসে গুরু বলে ডাকে। দেশ এবং বিদেশেও কনসার্ট মাতাতে দেখা যায় এই রকস্টারকে।
তেমনি মেহেরপুরে ‘সূর্য ক্লাব’-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত কনসার্টে গান গাওয়ার কথা ছিল জেমসের। তবে প্রশাসনের অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। সেই কারণে এর প্রচারণা ও টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। এক ফেসবুক পোস্টের মাধ্যমে সূর্য ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, গত ২৫ সেপ্টেম্বর থেকে কনসার্টের কার্যক্রম বন্ধ রয়েছে।
সূর্য ক্লাব কর্তৃপক্ষ বলছে, তারা মাত্র তিন দিন কনসার্টের টিকিট বিক্রি করেছেন। তখন সীমিতসংখ্যক টিকিট বিক্রি হয়। ইতোমধ্যে টিকিট ক্রেতাদের নাম ও ফোন নম্বর এন্ট্রি আকারে সংরক্ষণ করা হয়েছে। টিকিট রিফান্ডের সিদ্ধান্ত যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। তখন সাংবাদিকদের উপস্থিতিও নিশ্চিত করা হবে।
সূর্য ক্লাবের পক্ষ থেকে আরও জানানো হয়, গত ২৫ সেপ্টেম্বর থেকে কনসার্টের টিকিট বিক্রিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। কোনো প্রতারকচক্র যদি কনসার্টের নামে টিকিট বিক্রি করে, তার দায় সূর্য ক্লাব নেবে না। তাই কারও কাছ থেকে টিকিট না কেনার আহ্বানও জানান তারা।
/এমএস