জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। অভিনয়ের পাশাপাশি একটা সময় রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন তিনি। আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন এই চিত্রনায়িকা। নির্বাচনে জয়ী হলে সিনেমা ছেড়ে দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি। কিন্তু ভোটের মাঠে ভরাডুবি হয় তার। ভেঙে যায় তার সংসারও।
নির্বাচন শেষে আবারও সিনেমায় নিয়মিত হতে চেয়েছিলেন। কিন্তু তাকে আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। এরপর চলতি বছরের জুনে অনেকটা চুপিসারে দেশ ছাড়েন এবং যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ঢালিউডের এই তারকা। এবার জানা গেল, আবারও সিনেমায় ফিরছেন মাহিয়া মাহি।
অ্যাকশনধর্মী গল্পের নায়িকা হয়ে দর্শকদের সামনে আবারও হাজির হবেন এই নায়িকা। ইতোমধ্যেই দেশের আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া মাহিয়া মাহিকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে। নতুন সিনেমাটির নাম ‘অন্তর্যামী’। এটি পরিচালনা করবেন সৈকত নাসির। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানিয়েছেন, লেডি অ্যাকশন সিনেমা দিয়ে মাহিয়া মাহি ফিরছেন। সিনেমার গল্প এগোবে মাহি ও একটি ৯ বছরের শিশুকে কেন্দ্র করে। এতে কোনো নায়ক থাকবে না।
আব্দুল আজিজ বলেন, ‘‘‘অগ্নি ২’ সিনেমার গল্প যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে ‘অন্তর্যামী’-এর গল্প। পুরো সিনেমাটিই মাহি ও একটি শিশুকে কেন্দ্র করে। এটা হবে সারভাইভাল গল্প, এতে ‘অগ্নি’র চেয়েও ভয়ংকর অ্যাকশন থাকবে। আগামী বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে সিনেমাটির শুটিং শুরু করব এবং সে বছরই প্রেক্ষাগৃহে মুক্তি দেব।”
জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে সিনেমাটির শুটিং শুরু হবে। এরপর থাইল্যান্ড এবং সবশেষে বাংলাদেশে এর শুটিং হবে। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার বাবা যাদব। ইতোমধ্যেই সিনেমাটির পোস্টারও উন্মোচন করা হয়েছে। ছবির পোস্টারেই ধরা দিয়েছে মাহির চরিত্রের রহস্যময় ও শক্তিশালী উপস্থিতি। চলচ্চিত্রপ্রেমীদের মতে, ‘অন্তর্যামী’ হতে পারে মাহিয়া মাহির ক্যারিয়ারের নতুন মোড়, যেখানে তিনি নারী চরিত্রের শক্তি, রহস্য ও বুদ্ধিমত্তাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবেন।
এ বিষয়ে মাহিয়া মাহির কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এই নায়িকা তার ব্যক্তিগত ফেসবুকে অ্যাকাউন্টে ‘অন্তর্যামী’ সিনেমার পোস্টারটি শেয়ার করেছেন।
উল্লেখ্য, মাহিয়া মাহিকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাজকুমার’ ছবিতে। এখানে তিনি অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন। এর আগে ‘বুবুজান’ ছবিতে দেখা গেছে এই চিত্রনায়িকাকে।
/এমএস