দীর্ঘদিন গুঞ্জনের পর এবার প্রেম নিয়ে প্রকাশ্যে এলেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো জুটি। এর আগে কখনো বিলাসবহুল রেস্তোরাঁয়, আবার কখনো সমুদ্রপারে দুজনকে একসঙ্গে দেখা গেছে। লম্বা সময় লুকিয়ে প্রেমের পর অবশেষে প্যারিসে হাত ধরাধরি করে ক্যামেরাবন্দী হলেন তারা।
গত রবিবার (২৬ অক্টোবর) কেটি পেরির ৪১তম জন্মদিন উপলক্ষে প্যারিসের বিখ্যাত ক্রেজি হর্স ক্যাবারে-এ আয়োজন করা হয় এক ঝলমলে শো। আর সেখানেই একসঙ্গে হাজির হন কেটি ও ট্রুডো। টিএমজেডের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান শেষে হাত ধরাধরি করে হাসিমুখে বের হচ্ছেন তারা। সেই মুহূর্তই পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হয়ে এখন সেটা ভাইরাল।
এর আগে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার উপকূলে একটি ইয়টে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হয়, যেখানে কেটিকে দেখা যায় ট্রুডোকে চুম্বন করতে। এছাড়া চলতি বছরের জুলাইয়ে মন্ট্রিয়লের এক রেস্তোরাঁয়ও দেখা গেছে এই যুগলকে।
পিপল ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, সেখান থেকেই শুরু হয় তাদের ঘনিষ্ঠ সম্পর্ক। পেরির ইউরোপ সফরের ফাঁকেও ট্রুডোর সঙ্গে দেখা করতে ক্যালিফোর্নিয়া গিয়েছিলেন গায়িকা।
ব্যক্তিগত জীবনে কেটি পেরি সম্প্রতি অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বাগদান ভেঙেছেন। এই দম্পতির রয়েছে এক কন্যা সন্তান, ডেইজি ডোভ।