আজ বাংলাদেশের চলচ্চিত্রের নন্দিত জনপ্রিয় নায়িকা প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন। এবারের জন্মদিনও তিনি যুক্তরাষ্ট্রে তার মা, মেয়ে ও বোনদের সঙ্গে উদ্যাপন করবেন। ২০২৩ সালের অক্টোবর মাসে তিনি নিউইয়র্কে গিয়েছিলেন। এরমধ্যে মৌসুমীর আর দেশে ফেরা হয়নি।
এদিকে মৌসুমীর জন্মদিন উপলক্ষে তার ভক্তরাও দিনটিকে বিশেষভাবে উদ্যাপনের উদ্যোগ নিয়েছে বলে জানান মৌসুমী। তবে এবার দেশে থাকলে দিনটি একটু বিশেষভাবে উদ্যাপিত হতো। মৌসুমী বলেন, ‘জন্মদিন নিয়ে এবার বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমার একমাত্র মেয়ে ফাইজার খুব ইচ্ছে আমি যেন ঘরেই থাকি, শুধু তাকেই সময় দিই। তো, ফাইজাকেই সময় দেব। যদি সময় সুযোগ হয় হয়তো আশপাশেই ফাইজাকে নিয়ে একটু ঘুরতে বের হব।
বাসায় আমি নিজের হাতেই রান্না করব, একটা কেকও বানাব। সঙ্গে ফাইজার নানি ও খালামণি (স্নিগ্ধা) আছেই। তাদের নিয়েই জন্মদিনের সময়টা নিজের মনের মতো করেই কাটানোর চেষ্টা করব। তবে হ্যাঁ, খুব মিস করব সানী আর ফারদিনকে। তারা এই মুহূর্তে সঙ্গে থাকলে হয়তো সময়টা আরও অনেক বেশি ভালোলাগার, আনন্দের হয়ে উঠত। আল্লাহ যেন তাদের ভালো রাখেন, সুস্থ রাখেন। ভক্ত-দর্শকসহ সারা দেশবাসীর কাছে আমার জন্য, আমার পরিবারের জন্য সবার কাছে দোয়া চাই।’
কবে নাগাদ দেশে ফিরতে পারেন? এমন প্রশ্নের জবাবে প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, ‘যখন সময় হবে তখনই ফিরব।’ ১৯৯৩ সালের ২৫ মার্চ প্রয়াত পরিচালক সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় রেশমী চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে নায়িকা হিসেবে মৌসুমীর অভিষেক হয়। এতে তার বিপরীতে ছিলেন প্রয়াত অমর নায়ক সালমান শাহ।
১৯৯৬ সালের ২ আগস্ট তিনি চিত্রনায়ক ওমর সানীকে বিয়ে করেন। মৌসুমী অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘দোলা’, ‘আত্মঅহংকার’, ‘স্নেহ’, ‘দেনমোহর’, ‘অন্তরে অন্তরে’, ‘মাতৃত্ব’, ‘দেবদাস’, ‘বিশ্বপ্রেমিক’, ‘সুখের ঘরে দুখের আগুন’, ‘গরীবের রানী’, ‘প্রিন্সেস ডায়না’, ‘আম্মাজান’, ‘লুটতরাজ’, ‘বউয়ের সম্মান’, ‘মেঘলা আকাশ’, ‘ইতিহাস’, ‘লাল দরিয়া’, ‘তারকাঁটা’, ‘খায়রুন সুন্দরী’, ‘মোল্লাবাড়ির বউ’, ‘দুই বধূ এক স্বামী’ ইত্যাদি। তার পরিচালিত সিনেমা দুটি। একটি ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ অন্যটি ‘মেহেরনিগার’। ‘মেঘলা আকাশ’, ‘দেবদাস’ ও ‘তারকাঁটা’ সিনেমায় অভিনয়ের জন্য মৌসুমী জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।
মৌসুমী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত তিনটি সিনেমা হচ্ছে মির্জা সাখাওয়াত হোসেন পরিচালিত সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘ভাঙ্গন’, আশুতোষ সুজনের ‘দেশান্তর’ ও ‘মাতৃত্ব’খ্যাত পরিচালক জাহিদ হোসেনের ‘সোনার চর’। এরপর আর কোনো সিনেমায় মৌসুমীর অভিনয় করা হয়ে ওঠেনি।
/এমএস