বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। পথচলার কয়েক দশক পেরিয়ে এখনো তুমুল জনপ্রিয় ব্যান্ডটি। নব্বইয়ের দশকের শুরুতে বাংলায় হেভি মেটাল ঘরানার গান করে শ্রোতাদের রীতিমতো চমকে দিয়েছিল ব্যান্ডটি। ’৯১ সালে প্রথম অ্যালবাম ‘ওয়ারফেজ’ দিয়ে নিজেদের পরিচয় জানান দেয় তারা।
‘বসে আছি’, ‘একটি ছেলে’, ‘বিচ্ছিন্ন আবেগ’, ‘স্বাধিকার’, ‘কৈশোর’সহ অ্যালবামের গানগুলো দারুণ সাড়া পায় শ্রোতাদের কাছে। এর পর কেবলই সামনে চলা। অবাক ভালোবাসা, জীবনধারা, অসামাজিক, আলো, মহারাজ অ্যালবামগুলো দিয়ে একটা বিরাট শ্রোতাগোষ্ঠী তৈরি করে তারা। হার্ডরক কিংবা হেভি মেটাল ঘরানায় এখন পর্যন্ত দেশের সবচাইতে জনপ্রিয় ব্যান্ডগুলোর মধ্যে ওয়ারফেজ অন্যতম।
শুরু থেকেই এই ব্যান্ডের সঙ্গে আছেন মনিরুল আলম টিপু। অনেক ভাঙা-গড়ার মধ্যে দীর্ঘ সময় ধরে ব্যান্ডটিকে ধরে রেখেছেন তিনি। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ অনুষ্ঠানে ওয়ারফেজের নেপথ্যগল্প বলেছেন এই ড্রামার এবং ব্যান্ডলিডার। কিভাবে ব্যান্ডটি তৈরি হয়েছে, কখন ইংরেজি থেকে বাংলা গানে এলেন, বিভিন্ন অ্যালবাম এবং জনপ্রিয় গানগুলো সৃষ্টি, বারবার লাইনআপে পরিবর্তনসহ নব্বইয়ের দশকের রাজসিক পথচলার গল্প শোনা যাবে তার কাছ থেকে।
১৫ নভেম্বর, শনিবার রাত ১২টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। রিয়াদ শিমুলের গ্রন্থনায় এ অনুষ্ঠান প্রযোজনা করেছেন এস এম হুমায়ুন কবির।
/এমএস