ছা্ত্রাবাসের গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘ছাত্রাবাঁশ’। মোসাব্বের হোসেন মুয়ীদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। এতে অভিনয় করেছেন প্রত্যয় হিরণ, আজাদ আবুল কালাম, মাখনুন সুলতানা মাহিমা, তানজিম হাসান অনিক, বাপ্পী আশরাফ, সারজিন ইসলাম জিম, রাশেদ ইমরান, শামীম আহমেদ, শাওন মজুমদার, শারমিন সুলতানা শর্মী প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, প্রত্যয়কে তার বাবা নিয়ে এসেছে ছাত্রবাসে। এটি ইউনিভার্সিটির নিজস্ব ছাত্রবাস। ছাত্রাবাসের বাইরে বড় করে লেখা, ধূমপানমুক্ত, রাজনীতিমুক্ত ও র্যাগমুক্ত পরিবেশ। কিন্তু এটা একদমই মিথ্যা ও ভিত্তিহীন। এ ছাত্রবাসের একটা নিয়ম আছে। প্রথম আর দ্বিতীয় বর্ষের ছাত্রদের সঙ্গে রাখা হয় একজন করে তৃতীয় বর্ষের সিনিয়র।
প্রত্যয়ের রুম নম্বর ৩০৫। তার রুমমেট হলো ব্যাচমেট রাশেদ এবং থার্ড ইয়ারের সিনিয়র রায়হান ভাই। ব্যাচমেটের সঙ্গে ভালো খাতির হলেও এই রায়হান হলো একটি বিরক্তিকর মানুষ। সে জুনিয়রদের দিয়ে তার ব্যক্তিগত কাজকর্ম করায়। অন্যদিকে রুম নম্বর ৩০৪-এ থাকে আহসান এবং নিলয়। তাদের সঙ্গে থাকে সিনিয়র সামিউল ভাই। খুবই ভালোমনের একজন মানুষ।
এ ছাত্রাবাসের ফ্রেশারদের জীবনটা হেল করে দেয় সিনিয়ররা। আদু নাসির, যে একজন আদু ভাই। সে ছেলেদের র্যাগ দেয়, ধরে মিছিলে নিয়ে যায়। অপরদিকে এ ছাত্রাবাসে আছেন মান্নু স্যার এবং তার সঙ্গী আশরাফ। মান্নু স্যার টাকা ছাড়া কিছুই বোঝেন না। এসব দেখে ফ্রেশার প্রত্যয়, রাশেদ, আহসান এবং নিলয় বিরক্ত। এখানকার পরিবেশের সঙ্গে তারা মিশতে পারছে না। প্রত্যয়কে খুবই সহজ-সরল মনে হলেও তার একটা এজেন্ডা আছে। সে এসেছে মূলত এ ছাত্রাবাসে রাজত্ব করতে।
এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ছাত্রাবাঁশ’। নাটকটি প্রতি সপ্তাহের রবিবার, সোমবার ও মঙ্গলবার প্রচার হচ্ছে।
/এমএস