সম্প্রতি ভারতের উদয়পুরে শিল্পপতি রমা রাজুর মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার বিয়েতে বসেছিল বলিউড তারকাদের মেলা। সেই অনুষ্ঠানে পারফর্ম করে উপস্থিত সবাইকে মাত করেছেন রণবীর সিং, নোরা ফাতেহি, শাহিদ কাপুরসহ অনেকেই। অনুষ্ঠানের ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ছড়িয়েও পড়েছে।
তবে এত এত তারকার ভীড়ে সেখানে উপস্থিত ছিলেন না তারকা অভিনেতা রনবীর কাপুর। সাধারণত এই ধরনের অনুষ্ঠানে এই তারকাকে দেখা যায় না বললেই চলে। কিন্তু কেন তিনি এমন অনুষ্ঠানে কখনও পারফর্ম করেন না?
এই প্রসঙ্গে রণবীর কাপুরের ২০১১ সালের একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে সামনে এসেছে, যা নতুন করে ভাইরাল হয়েছে। ১৪ বছর আগের সেই সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, পারিবারিক মূল্যবোধের কারণেই টাকার বিনিময়ে কারও বিয়েতে নাচবেন না তিনি।
সেই ভিডিওতে এই রকস্টার তারকা বলেন, ‘টাকার জন্য আমি বিয়েবাড়িতে নাচব না। আমি কোন পরিবারের ছেলে, সেটি সবসময় মাথায় রাখি। এর মানে এই নয় যে যারা পারফর্ম করেন তাদের বিরুদ্ধে আমি। কিন্তু যে মূল্যবোধে বড় হয়েছি, তাতে আমি এটা করতে পারি না।’
তাকে প্রশ্ন করা হয়েছিল বিয়েতে পারফর্ম করা কি ভুল? রণবীরের জবাব ছিল আরও স্পষ্ট, ‘ভুল নয়। কিন্তু টাকা আমার জীবনের লক্ষ্য নয়। আমি কোটি কোটি টাকা রোজগার করতে চাই না। আমি একজন অভিনেতা, আমার লক্ষ্য, আমার আবেগ আলাদা। এমন বিয়েতে নাচতে চাই না, যেখানে মানুষ মদের গ্লাস হাতে দাঁড়িয়ে অশ্লীল মন্তব্য করছে। আমার পরিবারকেও আমি এটা করতে চাই না।’
তবে রণবীর এটিও মেনে নিয়েছিলেন যে, এমন সিদ্ধান্ত তার স্টারডমে প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, ‘আমি স্টারডম হারাতে চাই না। কিন্তু তার জন্য কাউকে এটা ভাবতেও দেব না যে আমি স্টার হওয়ার জন্য সবকিছু করব।’
যদিও ২০২৪ সালে মুকেশ আম্বানির ছেলের বিয়েতে রণবীর ও আলিয়াকে পারফর্ম করতে দেখা গিয়েছিল।
/এমএস


.jpg)