পাকিস্তানি জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বলিউডে একের পর এক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। বাংলাদেশেও রয়েছে তার অগণিত ভক্ত। আবারও ঢাকায় গাইবেন তিনি। আগামী ১৩ ডিসেম্বর ‘এক্স ফোর্স প্রেজেন্টস আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’- শিরোনামে একটি কনসার্টে গাইবেন জনপ্রিয় এই শিল্পী। এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার ১০০ ফিট ও ৩০০ ফিট এলাকার মধ্যবর্তী একটি আধুনিক, বিস্তৃত ও নিরাপদ আউটডোর কনসার্ট এরিনায়।
আয়োজকরা জানান, নিরাপত্তাজনিত কারণে ভেন্যুর সঠিক নাম আপাতত প্রকাশ করা হচ্ছে না; এই সুযোগটিকে কাজে লাগিয়েই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ভেন্যুসংক্রান্ত প্রয়োজনীয় সব প্রস্তুতি, অনুমোদন ও আনুষ্ঠানিকতা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। দর্শক, শিল্পী ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি ব্যবস্থা সাজানো হচ্ছে।
আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনক-এর মুখপাত্র রিসালাত বলেন, ‘ইভেন্টটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক, নিরাপদ ও স্বচ্ছভাবে আয়োজন করতে তারা সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও কর্তৃপক্ষের সঙ্গে নিয়মমাফিক কাজ করে যাচ্ছি। প্রতিটি প্রয়োজনীয় ধাপ অনুসরণ করে অনুষ্ঠানটি এগিয়ে নেওয়া হচ্ছে এবং তরুণদের এই ইতিবাচক সামাজিক উদ্যোগে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সর্বোচ্চ সহযোগিতা পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী।’
তিনি আরও জানান, দর্শকদের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে টিকিট বিক্রি চলছে শুধু Chologhuri.com-এ। অন্য কোনো প্ল্যাটফর্ম, ব্যক্তি বা সোশ্যাল পেজ থেকে টিকিট বিক্রি বা কেনাবেচা হচ্ছে না। প্রতিটি টিকিট QR কোড দ্বারা যাচাই করা হবে, যা নিরাপত্তা নিশ্চিত করবে।
আতিফ আসলামের পাশাপাশি এই কনসার্টে পারফর্ম করবেন দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড ও শিল্পীরা।
রিসালাত আরও বলেন, ‘এটি কেবল একটি কনসার্ট নয় এটি তরুণদের জন্য একটি উৎসব, একটি উদযাপন। জুলাইয়ের সেই সাহসী প্রজন্মকে সম্মান জানিয়ে আমরা চাই এই আয়োজন তাদের ইতিবাচক শক্তি, উদ্দীপনা এবং ঐক্যকে আরও একবার সামনে নিয়ে আসুক। দেশের স্বার্থে তরুণদের অবদানকে সম্মান জানিয়ে আমরা চাই এই আয়োজন তাদের আরও অনুপ্রাণিত করুক। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এটি দেশের অন্যতম সফল, নিরাপদ ও স্মরণীয় কনসার্ট হবে বলে আমরা বিশ্বাস করি।’
এ কনসার্টের প্রতিটি টিকিট বিক্রির একটি অংশ প্রদান করা হবে PUSAB (Private University Students Alliance of Bangladesh)-এর মাধ্যমে জুলাই বিপ্লবের ফাইটার ও তাদের পরিবারদের সহায়তায়।
/এমএস