মধ্যপ্রাচ্যের চলচ্চিত্র শিল্পে নতুন শক্তি হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে সৌদি আরব। এরই ধারাবাহিকতায় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ঘোষণা এল তাদের নতুন ও অত্যাধুনিক ‘প্লেমেকার স্টুডিওস’-এর আনুষ্ঠানিক যাত্রার। রিয়াদের কাছের কিদ্দিয়া শহরে ৫০ একর জুড়ে গড়ে ওঠা এই স্টুডিওকে সৌদি চলচ্চিত্রশিল্পের বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। আর এই স্টুডিওতেই শুরু হচ্ছে প্রথম বৃহৎ বাজেটের চলচ্চিত্র— ‘আনব্রোকেন সোর্ড’ (Unbroken Sword)। যা পরিচালনা করবেন বিশ্ববিখ্যাত টিভি সিরিজ গেম অব থ্রোনসের পরিচালক।
ঐতিহাসিক অ্যাকশনধর্মী ছবিটি পরিচালনা করছেন হলিউডের খ্যাতনামা নির্মাতা আলিক সাখারভ— যিনি গেম অব থ্রোনস, হাউস অব কার্ডস ও ওজার্ক–এর মতো জনপ্রিয় সিরিজের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত। ছবিটির সঙ্গে যুক্ত আছেন হাউস অব দ্য ড্রাগন–এর প্রযোজক রিচার্ড শার্কিও।
ইংরেজি ভাষার এই ছবির কেন্দ্রীয় চরিত্র সপ্তম শতকের কিংবদন্তি আরব সেনাপতি খালিদ বিন আল-ওয়ালিদ। মরু পেরিয়ে রোমান এবং পারস্য সাম্রাজ্যের মুখোমুখি হওয়া তার বীরত্বগাঁথাই ফুটে উঠবে এই চলচ্চিত্রে।
২০২৬ সালের শুরুতে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যেই প্রি-প্রোডাকশনে কাজ করছেন ২০০ জনেরও বেশি পেশাজীবী।
কিদ্দিয়া ইনভেস্টমেন্ট কোম্পানির সমর্থনে নির্মিত প্লেমেকার স্টুডিওস শুধু সৌদি শিল্পীদের জন্যই নয়, আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতাদের জন্যও আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠছে।
স্টুডিওটিতে রয়েছে বিশাল ব্যাকলট এবং দুটি সাউন্ডস্টেজ; ২০২৬ সালের মধ্যে আরও দুটি সাউন্ডস্টেজ যুক্ত হবে। প্রযোজকদের টানতে সৌদি আরব দিচ্ছে ৪০% প্রোডাকশন রিবেট সুবিধা— যা আন্তর্জাতিক মানদণ্ডে অত্যন্ত প্রতিযোগিতামূলক।
পোস্ট–প্রোডাকশন, ভিএফএক্স (VFX) ও মিউজিক স্টুডিও যুক্ত করাসহ দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনাও চলছে।
২০২৩ সালের বিনোদন খাতের সংস্কারের ধারাবাহিকতায় সৌদি আরবের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে ১০০টি ছবি নির্মাণ করা। এ লক্ষ্যে দেশটি মধ্যপ্রাচ্যকে চলচ্চিত্র নির্মাণের নতুন বৈশ্বিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায়।
মেহেদী/