আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। বর্তমানে তার বৃহস্পতি তুঙ্গে। একের পর এক কাজের মাধ্যমে আলোচনায় অভিনেত্রী। গত ঈদে মুক্তি পেয়েছে বুবলী অভিনীত সিনেমা ‘প্রেসার কুকার’। এর মাঝেই গায়িকা হিসেবেও দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি। ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে বুবলী গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে আবারও নাকি মা হচ্ছেন তিনি।
এবার জানা গেল বুবলীর নতুন আরও একটি সিনেমা মুক্তির খবর। অপেক্ষার পর অবশেষে মুক্তির পথে বুবলী অভিনীত কলকাতার প্রথম সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’। দুই বছর আগে শুটিং শেষ হলেও নানা জটিলতায় আটকে ছিল সিনেমাটির মুক্তি। আগামী মে মাসেই পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। পাশাপাশি বাংলাদেশেও ছবিটি মুক্তির পরিকল্পনা চলছে। এমনটি জানিয়েছেন সিনেমার নির্মাতা রাশেদ রাহা।
২০২৪ সালে শুটিং শেষ হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল ছিল–কবে বড় পর্দায় আসবে সিনেমাটি। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
নির্মাতা রাশেদ রাহা জানান, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শেষে শিগগিরই আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হবে। এরপর বাংলাদেশে মুক্তির প্রক্রিয়াও শুরু হবে।
থ্রিলারধর্মী এই সিনেমায় বুবলীর সঙ্গে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা-অভিনেতা কৌশিক গাঙ্গুলী ও অভিনেতা সৌরভ দাস। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর।
সিনেমায় বুবলীর চরিত্রের নাম শ্বেতা, যিনি চলচ্চিত্র নির্মাতা। কৌশিক গাঙ্গুলীকে দেখা যাবে অঞ্জন চরিত্রে, আর সৌরভ দাস অভিনয় করেছেন ডিকে চরিত্রে। ভিন্ন জীবনধারার তিন মানুষের গল্প একসময় গিয়ে মিশে যায় পাহাড়ি এক জনপদে, সেখান থেকেই গল্প নেয় নতুন মোড়। এই সিনেমার বাইরেও আগামী ৮ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বুবলী অভিনীত সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’।
লোকজ ঐতিহ্য লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রোশান। রাখাল সবুজ পরিচালিত এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও আজাদ আবুল কালাম।
সিনেমাটি মুক্তির ঘোষণা এলেও কোনো ধরনের প্রচারণায় বুবলীকে দেখা যায়নি। এই নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন এই নায়িকা। এ কারণেই তিনি কোনো প্রচারণায় নেই। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো কিছু স্পষ্ট করেননি বুবলী।