প্রাচীনকাল থেকে সৌন্দর্যচর্চায় লেবুর ব্যবহার হয়ে আসছে। সেই সময়ের মেয়েরা লেবুকে তারা তাদের রূপচর্চার একটি বিশেষ উপকরণ হিসেবে ব্যবহার করতেন। লেবুর রস ত্বকের জন্য অনেক উপকারী। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন বি, সি, সাইট্রিক অ্যাসিড, কার্বোহাইড্রেট, ফসফরাস রয়েছে। এগুলো ত্বক উজ্জ্বল করতে ভূমিকা রাখে। এ ছাড়া এটা মুখের কালো দাগ, চোখের নিচের কালি ও ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। তবে যেহেতু লেবুর রসে সাইট্রিক অ্যাসিড আছে । তাই এর ব্যবহার না জেনে যেকোনো ধরনের ত্বকে সরাসরি প্রয়োগ করা উচিত নয়। এতে হিতে বিপরীত হতে পারে। ত্বকের ধরন বুঝে নিয়ম মেনে ব্যবহার করলে ত্বক হয়ে উঠবে সুন্দর।
ত্বক উজ্জ্বল করতে
লেবুর রয়েছে ব্যাকটেরিয়ারোধী শক্তিশালী উপাদান, যা ব্যাকটেরিয়া থেকে সৃষ্ট সমস্যা রোধ করে। ত্বকের স্বকীয়তা বজায় রাখতে নারিকেলের কয়েক ফোঁটা পানির সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। নারিকেলের পানি ত্বকের আর্দ্রতা কমাবে আর লেবু ত্বক পরিষ্কার করবে এবং উজ্জ্বলতা বাড়াবে। তবে স্পর্শকাতর ত্বক হলে এই মিশ্রণ সামান্য একটু লাগিয়ে দেখতে পারেন। ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে একই পরিমাণ শসার রস ও লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে নিন। এতে ত্বকের তৈলাক্ত ভাব দূর করে ত্বক সতেজ হবে। স্বাভাবিক ও শুষ্ক ত্বকের জন্য ২ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ মধু ও কয়েক ফোটা আমন্ড অয়েল মিশিয়ে নিন।
মিশ্রণটি পরিষ্কার ও শুকনা ত্বকে লাগান। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে ত্বক রাখবে মসৃণ ও কোমল। যাদের ত্বক খুব সংবেদনশীল, তারা ১ টেবিল-চামচ টক দই, ১ টেবিল-চামচ লেবুর রস, কয়েক ফোঁটা চন্দনের তেল ও কয়েক ফোঁটা গোলাপজল এক সঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে আধা ঘণ্টা লাগিয়ে রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি ত্বকে রক্ত সরবরাহ উন্নত করবে। এটি ব্যবহারে ত্বক হয়ে উঠবে ঝলমলে।
মুখের কালো দাগ দূর করতে
মুখের কালো দাগ দূর করতে স্কিনের ওপর ভ্যাপার নেওয়ার পর ১ চামচ মুলতানি মাটি ও আধা চামচ ট্যালকম পাউডার গোলাপজলের সঙ্গে মিশিয়ে সেই মিশ্রণে কয়েক ফোঁটা গ্লিসারিন ও লেবুর রস মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এই মিশ্রণটি ৩/৪ দিন ব্যবহার করলে মুখের কালো দাগ দূর হবে।
ত্বকের বয়স কমাতে
মুখে বয়সের ছাপ পড়তে না দিতে চাইলে লেবু ব্যবহার করুন। অর্ধেকটা লেবুর রসের সঙ্গে দুই চামচ অ্যালোভেরা জেল ও এক চামচ মধু মিশিয়ে নিন। এরপর সেই পেস্ট মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে বারতিনেক ব্যবহার করুন এই ফেসপ্যাক। এতে ফিরে পাবেন ত্বকের হারিয়ে যাওয়া আর্দ্রতা। পাশাপাশি বাড়বে কোলাজেনের উৎপাদন। এতে ত্বকে বয়সের ছাপ পড়বে না।
মেকআপ রিমুভার করতে
সেনসিটিভ ত্বকের ক্ষেত্রে বিশুদ্ধ পানির মধ্যে চায়ের নির্যাসসমৃদ্ধ তেলে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে তা মেকআপ রিমুভার হিসেবে বেশ ভালো কাজ করবে।
বডি স্ক্রাব, ক্লিনজার হিসেবে
২টি লেবুর খোসা, আধা কাপ লেবুর রস, ৬ টেবিল-চামচ সুজি, ৬ টেবিল-চামচ হলুদের রস, ২টি ডিমের সাদা অংশ, ২ টেবিল-চামচ জলপাই তেল এবং ৩ টেবিল-চামচ বাদামি চিনির মিশ্রণ শরীরের ত্বকে ব্যবহার করতে পারেন সপ্তাহে এক দিন। ১০-১৫ মিনিট পর তোয়ালে দিয়ে ঘষে ঘষে তুলে ফেলুন। ত্বকের মৃত কোষ সরে যাবে, ত্বক উজ্জ্বল হয়ে উঠবে। ত্বকের বিভিন্ন স্থানের রঙের অসামঞ্জস্য দূর হবে।
ঠোঁট ফাটার সমাধান
লেবুর রস গ্লিসারিনের সঙ্গে মিশিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করে এবং সকালে উঠে তা ধুয়ে ফেলতে হবে। এ ছাড়া ঠোঁটের ডেড স্কিনসেল দূর করতে চিনির সঙ্গে লেবুর রস মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করা যেতে পারে।
ব্রণ থেকে মুক্তি
ব্রণ দূর করতে লেবুর রস বেশ উপকারী। লেবুর রসের সঙ্গে হালকা মধু মিশিয়ে তুলা দিয়ে ব্রণের ওপর প্রলেপ দিয়ে রাখুন। দেখবেন ব্রণ থেকে মুক্তি মিলবে। এ ছাড়া সমান পরিমাণে দুধ ও লেবুর রস এক সঙ্গে মিশিয়ে মুখে লাগান। বিশেষ করে যেসব জায়গায় ব্রণ আছে, সেসব জায়গায় বেশি করে লাগান। ১৫ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাক ব্রণ দূর করবে।
কলি