জীবনে চলার পথে আমরা বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হই। নানা কারণে আমাদের মন খারাপ হয়। মন খারাপ হলো এটি সাধারণ আবেগ। তবে মন খারাপ থাকলে নিজের ভালো লাগে না, আশপাশের মানুষজনও তখন অস্বস্তিতে ভুগতে থাকেন। তাই সব সময় মন ভালো রাখার চেষ্টা করা উচিত। মন ভালো রাখার কিছু টিপস দেওয়া হলো-
• মন ভালো রাখতে ব্যায়াম করুন। মাত্র পাঁচ মিনিট টানা ব্যায়াম করলে এন্ড্রোফিন নামক হরমোন নিঃসৃত হয়। যা ১২ ঘণ্টা মন ভালো রাখতে সহায়তা করে।
• ফোনে কথা বলুন অথবা ব্যস্ততার মাঝে সময় বের করে পরিবারের সঙ্গে বা প্রিয় বন্ধুদের সঙ্গে দেখা করে আসুন। তাদের সঙ্গে নিজের সমস্যা এবং মন খারাপের কারণ নিয়ে কথা বলুন।
• ছবি আঁকা, পছন্দের বাদ্যযন্ত্র বাজানো শেখা, বাগান করা ইত্যাদি যেকোনো পছন্দের কাজ আপনাকে ব্যস্ত রাখবে এবং মানসিক অবসাদও দূর করবে। ফলে মন ভালো থাকবে।
• মন খারাপ থাকলে গান শোনার চেষ্টা করুন। হতে পারে সেটা আপনার পছন্দের কোনো গান কিংবা একদম আনকোরা নতুন কোনো গান। দেখবেন পাঁচ মিনিটেই আপনার মন ভালো হয়ে যাবে।
• বর্তমান সময়ে মনোযোগ দিন, অতীত কিংবা ভবিষ্যৎ নিয়ে অহেতুক চিন্তা করবেন না। দুশ্চিন্তা কমাতে যেসব কাজ করতে ভালো লাগে, সেগুলো করুন- তা হলে মন ভালো থাকবে।
• পছন্দের কোনো ছবি ফেসবুকে পোস্ট করতে অথবা কম্পিউটারের স্ক্রিনসেভারে রাখতে পারেন। এতে মনে নতুন উদ্দীপনা তৈরি হবে। ভালো মন নিয়ে কাজ শুরু করতে পারবেন।
• মন ভালো রাখতে স্বাস্থ্যকর খাবার খাওয়ার বিকল্প নেই। পুষ্টিকর খাদ্য গ্রহণ করলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পাবে। এতে করে মনে ভালো অনুভূতি কাজ করে।
• নিয়মিত প্রার্থনা করলে মন ও শরীর ভালো থাকে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী প্রার্থনায় মনোযোগী হন।এতে অনেক ভালো কাজে উৎসাহী হবেন এবং সাথে মিলবে মানসিক প্রশান্তি।
• পর্যাপ্ত ঘুম মন ভালো রাখার অন্যতম উপায়। প্রতিদিন আট ঘণ্টা ঘুমালে অনিদ্রাজনিত যেকোনো সমস্যা দূর হবে। কাজে মনোযোগ আসবে। ফলে মন থাকবে ভালো।
• হাসলে মন ভালো থাকে। তাই হাসার চেষ্টা করুন। এমন কিছু দেখুন, শুনুন বা পড়ুন, যাতে এক মিনিটের জন্য হলেও আপনার মুখে হাসি চলে আসে। এই হাসি আপনার মস্তিষ্কে ডোপামিন বাড়াবে, যা আমাদের মন ভালো করতে সাহায্য করবে।
• মাঝে মধ্যে ব্যস্ততার মধ্যেও দূরে কোথাও ঘুরে আসুন। কাজের মাঝে বিরতি নিন। তা হলে মন ভালো থাকবে।
• পরোপকারী হন, অন্যকে সাহায্য করুন। অন্যকে খুশি করতে পারলে নিজেরও ভালো লাগা কাজ করবে।
• দিনের কিছু সময় মুঠোফোন, টিভি, কম্পিউটারসহ বিভিন্ন রকম ডিজিটাল যন্ত্র থেকে নিজেকে দূরে রাখুন।
• নেতিবাচক ভাবনা থেকে দূরে থাকুন। নতুন কিছু করুন। রান্নার ক্লাসে ভর্তি হোন। আগামীকাল সকালে উঠে নতুন কী করবেন তার পরিকল্পনা করুন। নিজের লক্ষ্য থাকলে ব্যস্ত থাকবেন। এতে মন থাকবে ভালো।
• মানসিকভাবে অসুস্থ বোধ করলে এবং যদি তা আপনার দৈনন্দিন কাজকে ব্যাহত করে, তা হলে মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হোন।
কলি