বাড়ি নির্মাণ বা সংস্কারের সময় টাইলস নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক জায়গায় সঠিক ধরনের টাইলস ব্যবহার না করলে শুধু সৌন্দর্যই কমে না, বরং ব্যবহারের সুবিধা ও স্থায়িত্বও ক্ষতিগ্রস্ত হয়। তাই প্রতিটি কক্ষ, বারান্দা বা বাথরুমের জন্য আলাদা ধরনের টাইলস বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। লিখেছেন মুশফিরাত
লিভিং রুম ও ড্রইং রুমের জন্য টাইলস
লিভিং রুম ও ড্রইং রুম হলো বাড়ির মুখ্য স্থান, যেখানে অতিথি আপ্যায়ন হয় এবং পরিবারের সদস্যরা সময় কাটায়। তাই এখানে টাইলস নির্বাচন করতে গিয়ে সৌন্দর্য ও ব্যবহারিক সুবিধা দুটোই বিবেচনা করা জরুরি। সাধারণত পলিশড বা গ্লেজড সেরামিক, পলিশড স্টোন বা মার্বেল ফিনিশ টাইলস ব্যবহার করা হয়। হালকা বা উজ্জ্বল রঙের টাইলস ব্যবহারে ঘর প্রশস্ত মনে হয়।
বড় ঘরে বড় সাইজের টাইলস ব্যবহার করলে আধুনিক ও বিলাসী ভাব আসে, আর ছোট ঘরে মাঝারি বা ছোট সাইজের টাইলস স্থানকে ভারসাম্যপূর্ণ দেখায়। ফ্লোর ও দেয়ালের রং ও ডিজাইন মিলিয়ে টাইলস নির্বাচন করলে ঘরের সামঞ্জস্য ও আকর্ষণ বৃদ্ধি পায়। লেজার বা মার্বেল ফিনিশ টাইলস বিলাসী ছোঁয়া যোগ করে, আর সেরামিক টাইলস দীর্ঘস্থায়ী ও পরিচ্ছন্ন রাখতে সুবিধাজনক।
বারান্দা ও খোলা জায়গার জন্য টাইলস
বারান্দা বা যেকোনো খোলা জায়গায় টাইলস নির্বাচন বাড়ির সৌন্দর্য ও স্থায়িত্ব দুটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলোতে ব্যবহৃত টাইলসকে অবশ্যই জলরোধী, শক্ত এবং দীর্ঘস্থায়ী হতে হবে, কারণ এগুলো সরাসরি রোদ, বৃষ্টি ও আর্দ্রতার সংস্পর্শে থাকে। সঠিক টাইলস ব্যবহার না করলে দ্রুত স্ক্র্যাচ বা দাগ পড়তে পারে এবং ফ্লোরের টেকসইয়তাও কমে যায়। বারান্দা বা খোলা জায়গার জন্য আউটডোর টাইলস সবচেয়ে উপযোগী।
সাধারণত কংক্রিট, পোরসেলেন বা টেক্সচার্ড স্টোন ফিনিশের টাইলস ব্যবহার করা হয়। এগুলো শুধু দৃঢ়তা বৃদ্ধি করে না, বরং বাইরের প্রাকৃতিক উপাদানের সঙ্গে মানিয়ে যায় এবং দেখতে আরও প্রাকৃতিক ও আকর্ষণীয় লাগে। টেক্সচারযুক্ত ফিনিশের কারণে এই টাইলস ফ্লোরে স্লিপ-প্রুফ হয়, ফলে বৃষ্টির সময়ও চলাচলে নিরাপত্তা বজায় থাকে। এ ছাড়া আউটডোর টাইলস রক্ষণাবেক্ষণে কম সময় ও শ্রম লাগে, যা দীর্ঘমেয়াদি সুবিধা দেয়।
বেডরুমের জন্য টাইলস
বেডরুম হলো বিশ্রাম ও শান্তির স্থান, তাই এখানে টাইলসের রং ও ফিনিশ নির্বাচনে আরামদায়ক পরিবেশকে প্রধান্য দেওয়া হয়। হালকা রঙের টাইলস যেমন অফ-হোয়াইট, ক্রিম, পেস্টেল বা হালকা বেজ ঘরে প্রশান্তি ও উজ্জ্বলতা আনে, যা মানসিক চাপ কমাতে সহায়ক।ফ্লোরের জন্য ম্যাট বা সাটিন ফিনিশের টাইলস বেশি মানানসই, কারণ এগুলো চোখে কোমল দেখায় এবং অতিরিক্ত আলো বা প্রতিবিম্ব কমায়। এ ছাড়া বেডরুমের টাইলস নির্বাচন করার সময় ফ্লোরের সঙ্গে দেয়াল, আসবাবপত্র ও পর্দার রঙের সামঞ্জস্য রাখা গুরুত্বপূর্ণ। সঠিক রং ও ফিনিশের টাইলস বেডরুমকে আরামদায়ক, শিথিল এবং দৃষ্টিনন্দন করে, যা ঘরে বিশ্রাম এবং মানসিক স্বস্তি নিশ্চিত করে।
রান্নাঘরের জন্য টাইলস
রান্নাঘর শুধু খাবার তৈরি করার স্থান নয়, এটি ঘরের সৌন্দর্য এবং ব্যবহারের সুবিধা দুটোই প্রতিফলিত করে। ফ্লোরের জন্য অ্যান্টি-স্লিপ বা ম্যাট ফিনিশ টাইলস ব্যবহার করা সবচেয়ে নিরাপদ, কারণ রান্নার সময় পা ফসলে চোট লাগার সম্ভাবনা কমে। এ ছাড়া ম্যাট ফিনিশের টাইলস সহজে ধুলা ও পানি ধরে রাখে না, ফলে পরিচ্ছন্ন রাখা সহজ হয়।
ওয়াল টাইলসের জন্য চকচকে বা গ্লেজড ফিনিশের টাইলস বেশি মানানসই। এই ধরনের টাইলসে রান্নার সময়ে তেল, পানি বা খাদ্যদ্রব্যের দাগ সহজে মুছে ফেলা যায়। রান্নাঘরের ব্যাকসপ্ল্যাশে রঙিন বা ডিজাইন করা টাইলস ব্যবহার করলে স্থানটি জীবন্ত ও আকর্ষণীয় হয়ে ওঠে। এ ছাড়া ব্যাকসপ্ল্যাশের উচ্চতা এবং টাইলসের রঙের সঙ্গে ফ্লোরের সামঞ্জস্য রাখলে রান্নাঘর আরও পরিপাটি ও সুশৃঙ্খল দেখায়।
বাথরুমের জন্য টাইলস
বাথরুমের টাইলসের ক্ষেত্রে নিরাপত্তা, কার্যকারিতা এবং সৌন্দর্য- সবই নিশ্চিত করতে হবে। ফ্লোরের জন্য স্লিপ-প্রুফ বা ম্যাট ফিনিশ টাইলস অপরিহার্য। হালকা বা মাঝারি টেক্সচারযুক্ত সেরামিক টাইলস ব্যবহার করলে ভেজা অবস্থাতেও চলাচল নিরাপদ থাকে। ওয়াল টাইলসের জন্য গ্লেজড সেরামিক ফিনিশ ব্যবহার করলে পানি থেকে সুরক্ষা পাওয়া যায় এবং পরিষ্কার রাখা সহজ হয়। আরও আকর্ষণীয়ভাবে সাজানোর জন্য ছোট আকৃতির মোজাইক টাইলস ব্যবহার করা যেতে পারে। ওয়াল ও ফ্লোরের মধ্যে কনট্রাস্ট রঙের সমন্বয় করলে বাথরুমটি আরও আরামদায়ক ও দৃষ্টিনন্দন মনে হয়।
/রোদসী