শীতের সকালের নাশতা হোক কিংবা ব্যস্ত দিনের মাঝখানে, গরম গরম পরোটা সব সময়ই আলাদা স্বাদ এনে দেয়। নানা সবজির সংমিশ্রণে বানানো পরোটা যেমন পুষ্টিকর, তেমনি বাড়তি কোনো তরকারি ছাড়াই খাওয়া যায় আরাম করে। তাই মজাদার তিন পদের পরোটার রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী সুতপা দে
পালংশাক দিয়ে পরোটা
যা লাগবে
পালংশাক কুচি ১ কাপ, আটা ২ কাপ, আদা ও কাঁচা মরিচ বাটা ১ চা চামচ, লবণ স্বাদমতো, জিরা দেড় চা চামচ, তেল ১ টেবিল চামচ (ডো মাখার জন্য),পানি প্রয়োজন মতো, ভাজার জন্য সামান্য তেল/ঘি।
যেভাবে বানাবেন
পালংশাক ভালো করে ধুয়ে খুব ভালো কুচি করে নিন বা হালকা ব্লেন্ড করে নিতে পারেন। একটা বড় বাটিতে আটা, পালংশাক, আদা ও মরিচ বাটা, জিরা আর লবণ দিয়ে মেশান। তেল দিন এবং ধীরে ধীরে পানি ঢেলে নরম ডো মাখুন। ১০ মিনিট ঢেকে রেখে দিন যাতে ডো সেট হয়। ছোট লেচি কেটে রুটি মতো বেলে নিন। তাওয়া গরম করে সামান্য তেল/ঘি দিয়ে দুদিক সোনালি হওয়া পর্যন্ত সেঁকে নিন।
মেথি পরোটা
যা লাগবে
মেথি পাতা কুচি ১ কাপ, আটা ২ কাপ, আদা কুচি ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ১-২টি, লবণ স্বাদমতো, জিরা দেড় চা চামচ, তেল ১ টেবিল চামচ (ডো মাখার জন্য), পানি প্রয়োজনমতো, পরোটা ভাজার জন্য সামান্য তেল/ঘি।
যেভাবে বানাবেন
একটা বড় বাটিতে আটা, মেথি পাতা, আদা কুচি, মরিচ কুচি, জিরা আর লবণ একসঙ্গে মেশান। তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ধীরে ধীরে পানি দিয়ে নরম ডো বানিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন। ছোট ছোট লেচি কেটে রুটি মতো বেলে নিন। তাওয়া গরম করে সামান্য তেল/ঘি দিয়ে দুদিক ভালো করে সেঁকে নিন। গরম গরম দই বা আচার দিয়ে পরিবেশন করুন।
মটরশুঁটির পরোটা
যা লাগবে
ময়দা ২ কাপ, লবণ অল্প, তেল ১ টেবিল চামচ, পানি প্রয়োজনমতো। মটরশুঁটি (সেদ্ধ ও ম্যাশ করা) ১ কাপ, কাঁচা মরিচ কুচি ১-২টি, আদা বাটা দেড় চা চামচ, লাল মরিচ গুঁড়া দেড় ২ চা চামচ, জিরে গুঁড়া দেড় চা চামচ, ধনে গুঁড়া দেড় চা চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, তেল-ঘি সেঁকার জন্য।
যেভাবে বানাবেন
ময়দায় লবণ ও তেল মিশিয়ে নরম ডো বানিয়ে ঢেকে ১৫ মিনিট রেখে দিন। গরম প্যানে ১ টেবিল চামচ তেল দিন। আদা বাটা, কাঁচা মরিচ দিয়ে একটু ভাজুন। তারপর ম্যাশ করা মটরশুঁটি, মরিচ গুঁড়া, জিরা-ধনে গুঁড়া, লবণ দিয়ে ৩-৪ মিনিট নেড়ে শুকনো পুর তৈরি করুন। শেষে ধনেপাতা মেশান। ডো থেকে ছোট লেচি নিন। চাপটি বেলে তার মাঝে মটরের পুর দিন। মুখ বন্ধ করে আবার হালকা করে বেলে নিন। গরম তাওয়ায় দুই দিক ঘি-তেল দিয়ে সেঁকে নিন।
/রোদসী