রকিবুল হাসানের সাহিত্য: বাস্তবতা ও জীবনবোধ
জান্নাতুল যুথী
প্রকাশনায়: বিশ্বসাহিত্য ভবন, ঢাকা
প্রচ্ছদ: চারু পিন্টু
প্রকাশকাল: প্রথম প্রকাশ, অক্টোবর ২০২৫
পৃষ্ঠা: ৮০, মূল্য: ২৫০ টাকা
কবি-কথাশিল্পী-প্রাবন্ধিক-গবেষক ও শিক্ষক ড. রকিবুল হাসান। তার কর্মবিশ্ব সুবিশাল। কাজে তিনি সুনিপুণ। কাজের পরিধি বহুবিস্তৃত। সাহিত্যের বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে প্রাবন্ধিক-গবেষক হিসেবে রকিবুল হাসান মন ও মননে বিচারক কিন্তু তার প্রবন্ধের ভাষা নিরস নয় বরং কথাসাহিত্যের ভাষার কোমল রূপ তার গদ্যকে করে তুলেছে চিত্তাকর্ষক। ফলে নিছক গবেষণামূলক প্রবন্ধ কিংবা বিশ্লেষণধর্মী প্রবন্ধও সুখপাঠ্য হয়ে উঠেছে। এ ছাড়া প্রবন্ধে কথাসাহিত্যের গদ্যভঙ্গির প্রয়োগের পাশাপাশি তিনি কবিতার মতো চিত্রকল্প-উপমারও প্রয়োগ ঘটিয়েছেন। এ কারণে তার প্রবন্ধে বুদ্ধিবৃত্তিক চিত্রের পাশাপাশি রয়েছে চিত্তে আনন্দসঞ্চারী গদ্যভঙ্গিও। এ ছাড়া রয়েছে কথাসাহিত্যের মতো তার প্রবন্ধেও ব্যক্তি-সমাজ-রাষ্ট্র সম্পর্কে নিজস্ব দৃষ্টিভঙ্গি। সেখানে আগে মানবতাবাদী-দেশপ্রেমিক, পরে শিল্পের সাধক। গ্রন্থটি গবেষক-সমালোচকদের বিশেষ সহায়ক গ্রন্থ হয়ে উঠবে।