অনেক যোগ-বিয়োগ-গুণ-ভাগ করে জীবন চলে না…
কথাটা বলতে শুনতাম অনেককেই,
কৈশোর-যৌবনে কথাটা শুনতাম আর হিসেব
মেলাতাম.. আচ্ছা, অনু নাকি মুনা? বর্ষাও তো মন্দ না!
কাকে প্রোপজ করা যায়? কার সামনে গিয়ে ভাব
করব যে ওকে আমার একদমই পছন্দ না,
কাকে এভয়েড করলে আমার প্রতি অনুরাগে
আসক্তি বাড়বে, কাকে বেশি বেশি তুই তুই করে
সম্বোধন করলে অন্যরা বুঝবে না ওকে ভালোবাসি;
এত হিসেব, এত অঙ্ক মাথায় রাখতে রাখতে কাউকেই
শেষ পর্যন্ত বলাই হয়নি, ততদিনে মাস্টার্স শেষ।
আটান্ন বছরে এসে আজও টিএসসির পশ্চিম গেটে
দাঁড়িয়ে একবার রোকেয়া হল একবার শামসুন্নাহার
হলের দিকে তাকাই, আকাশে তাকিয়ে ভাবি...
অত অঙ্ক না মিলিয়ে... যদি বলেই ফেলতাম...