জন্ডিস গুরুতর অসুখ। এই রোগে লিভারের ক্ষতি হয়। শরীরে বাড়ে বিলিরুবিন। লিভার বা যকৃতের রোগ থেকেই দ্রুত সুস্থ হওয়ার জন্য কম ফ্যাট এবং প্রোটিন যুক্ত খাবার খাওয়া প্রয়োজন। এছাড়া বেশি কার্বোহাইড্রেট যুক্ত খাবার আর প্রচুর পরিমাণে পানি পান করা উপকারী। কার্বোহাইড্রেট লিভারের কোষকে দ্রুত তৈরি হতে সাহায্য করে। আবার ফ্যাট এবং প্রোটিনের পরিমাণ কমিয়ে সহজে খাবার হজমে সহায়তা করে।
নানা কারনে জন্ডিস হতে পারে। এর মধ্যে আছে কিছু ওষুধের প্রতিক্রিয়া থেকে, গলস্টোনের কারণে, মদ্যপান বেশি করার কারণে, গলব্লাডার ও প্যানক্রিয়াটিক ক্যানসার থেকে, সিররোসিস, হেপাইটাইটিস এবং অন্যান্য লিভার ইনফেকশন থেকে। এবং হেমোলাইটিক অ্যানিমিয়া থেকে।
জন্ডিস হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কিছু খাবার আছে যেগুলো এ সময় খেলে রোগ দ্রুত সেরে যাবে। চলুন দেখে নেই।
তাজা ফলমূল
তাজা ফল এবং সবজিতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকে। এই উপাদান লিভারের বিপাকীয় ক্ষতি হ্রাস করে। ফলে লিভার দ্রুত সুস্থ হতে পারে। এছাড়া এই উপাদান হজমকে সহজতর করে তুলতে পারে। ফাইটোকেমিক্যালস সমৃদ্ধ এবং নানা উপকারী উপাদান সমৃদ্ধ পদার্থ থাকা ফল লিভারের রোগ থেকে মানুষকে রক্ষা করে। লিভারের পক্ষে উপকারী ফলগুলি হল ক্রানবেরি, ব্লুবেরি, আঙুর, পাতিলেবু এবং গ্রেপ ফ্রুটস মতো সাইট্রাস নানা ফল, পেঁপে এবং তরমুজ ইত্যাদি।
তাজা শাকসবজি
শাকসবজিতে ভিটামিন সি এবং ই, বিটা ক্যারোটিন, দস্তা, ফসফরাস, ম্যাগনেশিয়াম এবং ফলিক অ্যাসিডসহ অনেক ভিটামিন এবং খনিজ রয়েছে। এই খাবারে চর্বি বা ফ্যাট, চিনি বা সুগার এবং লবণের পরিমাণ কম। এছাড়া ফাইবার এবং পাচক এনজাইমের পরিমাণ বেশি। তাই সবজি জন্ডিস আক্রান্তদের ডায়েটের জন্য অত্যন্ত সহায়ক। লিভার এর পক্ষে উপকারী সবজিগুলো হল কুমড়ো, মিষ্টি আলু, টমেটো, গাজর, শালগম, শালগম, ব্রোকোলি, ফুলকপি এবং ব্রাসেলস স্প্রাউটের মতো ক্রুসিফেরাস সবজি। এছাড়া শাকের মধ্যে পালং শাক ভালো।
দানা শস্য
দানা শস্যে লিভারের পক্ষে উপকারী প্রচুর পরিমাণে পুষ্টি পদার্থ যেমন ভালো ফ্যাট, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টস এবং মিনারেলস বা খনিজ পদার্থ থাকে। তাই এই খাবার রোগী খেতেই পারেন। মনে রাখবেন, এই খাবারে থাকা নানা পুষ্টিগুণ শুধু লিভার নয়, তার পাশাপাশি শরীরের অন্যান্য় অঙ্গেরও উপকার করে। তাই এই খাবার প্রতিদিন খান।
বাদাম
বেশিরভাগ বাদাম এবং শিম জাতীয় শস্য ভিটামিন ই এবং ফেনোলিক অ্যাসিডের মতো অ্যান্টিঅক্সিডেন্টগুলিতে সমৃদ্ধ। বাদাম এবং শিম জাতীয় শস্যগুলিতে সাধারণত প্রচুর ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে। গবেষণায় আরও দেখা গেছে যে আখরোট এবং অন্যান্য গাছের বাদাম নিয়মিত খাওয়া হলে লিভারের কার্যকারিতা বৃদ্ধি পায়। তাই এই খাবার প্রতিদিন রোগী অল্প করে খেতেই পারেন।
চা
জন্ডিসের সময় চা পান করলেও দ্রুত সেরে উঠতে সাহায্য করে। চায়ের মধ্যে আছে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট, যা লিভারে প্রদাহ হ্রাস করে, হজমে সহায়তা করে এবং জন্ডিস থেকে সেরে উঠতে সহায়তা করে।
তবে মনে রাখবেন, এই পরামর্শগুলি রোগের তীব্রতা এবং রোগীর শারীরিক অবস্থার উপর নির্ভর করে পরিবর্তন হতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবার নির্ধারণ করতে হবে।


