মধ্যযুগের ইতিহাস মানেই রাজদরবার, ষড়যন্ত্র, ক্ষমতার দ্বন্দ্ব, রক্তপাত আর গুপ্তচরবৃত্তির নিঃশব্দ লড়াই। তখন রাষ্ট্রীয় তথ্য আদান-প্রদানের প্রধান মাধ্যম ছিল চিঠি। কিন্তু সময় যত গড়াতে থাকে, ততই চিঠি হয়ে ওঠে বিপজ্জনক। দূত ধরা পড়ছে, চিঠি খুলে ফেলা হচ্ছে, কখনো কখনো বার্তাবাহককে হত্যা করা হচ্ছে। এই ঝুঁকিপূর্ণ বাস্তবতায় আরও সূক্ষ্ম ও নিঃশব্দ এক কৌশলের আশ্রয় নেয় গুপ্তচররা। তা হলো পোশাক ও গহনার সংকেত। এটা এমন এক ভাষা বা সংকেত, যেখানে কোনো শব্দ নেই, কালি নেই, কাগজ নেই; শুধু দেখলেই বার্তা পৌঁছে যায় বা বুঝে যায়।
ইউরোপের মধ্যযুগীয় রাজদরবারগুলোতে অভিজাত নারীদের উপস্থিতি ছিল নজরে পড়ার মতো। তারা পরতেন ভারী পোশাক, দামি কাপড় আর ঝলমলে গহনা। যেমন- হার, আংটি, ব্রোচ, কানের দুল। কিন্তু এসব অলংকারের সবটাই শুধু সৌন্দর্যের প্রতীক নয়। কোন আঙুলে আংটি, আংটিতে কী রঙের পাথর, গলার হার কয় স্তরের, সবই ছিল পূর্বনির্ধারিত সংকেত। যেমন- ডান হাতে আংটি পরা মানে পরিস্থিতি নিরাপদ, বাম হাতে আংটি মানে বিপদ বা ঝুঁকি রয়েছে। বিশেষ করে ফ্রেঞ্চ রয়্যাল কোর্টে এই সংকেতব্যবস্থা ছিল অত্যন্ত সুসংগঠিত বা বহুল ব্যবহৃত। রানির দাসী ও তার নিকটবর্তী নারীরা শুধু পোশাক ও গহনার দিকে তাকিয়েই বুঝে নিতেন যে, আজ কোনো গোপন বার্তা রাজদরবারে পৌঁছাতে হবে কি না।
চুলের বিন্যাস ছিল এই সংকেতের আরেকটু গুরুত্বপূর্ণ অধ্যায়। খোঁপা উপরে বাঁধা মানে সংবাদ প্রস্তুত, আর খোঁপা নিচে বাঁধা মানে পরিকল্পনা বাতিল বা আপাতত স্থগিত। টিউডর ইংল্যান্ডে রাজনৈতিক ষড়যন্ত্রে জড়িত নারীরা এই চুলের ভাষা বেশি ব্যবহার করত। সে সময় গুপ্তচরদের বিভিন্নভাবে ধরে ফেলা হতো ও প্রাণনাশের আশঙ্কা ছিল। তাই নারী গুপ্তচরদের জন্য চুল ও পোশাক হয়ে উঠেছিল সবচেয়ে নিরাপদ মাধ্যম।

পোশাকের রংও ছিল এক ধরনের কোড। কালো রং যে শুধু শোকের প্রতীক তা নয়, গুপ্তচরদের ভাষায় কালো ছিল ‘আসন্ন বিপদ বা আক্রমণের সতর্কতা’। নীল রঙের অর্থ ছিল ‘অপেক্ষা করো’, সবুজ দ্বারা বোঝাত ‘পরিস্থিতি অনুকূলে’, আর লাল রং ‘সতর্কবার্তা’ হিসেবে ব্যবহৃত হতো। সাধারণ মানুষের চোখে এগুলো ছিল শুধুই ফ্যাশন, কিন্তু গুপ্তচরদের কাছে ছিল যুদ্ধের নির্দেশ।
এই সংকেতগুলোর সবচেয়ে বড় সুবিধা ছিল, এসব প্রমাণ করা ছিল প্রায় অসম্ভব। কেউ ধরা পড়লেও আদালতে প্রমাণ করা যেত না, কীভাবে পোশাকের রং বা একটি আংটি রাষ্ট্রদ্রোহ হতে পারে।
ইতিহাসে এমন ঘটনাও আছে, যেখানে এই নীরব ভাষা শেষ পর্যন্ত প্রাণনাশের কারণ হয়ে উঠেছে। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে এক নারী গুপ্তচর তার ফ্রক বা স্কার্টের নিচের অংশে লেসের নকশার মাধ্যমে বার্তা পাঠাতেন। লেসের সংখ্যা, প্যাটার্ন ও বিন্যাসে লুকিয়ে থাকত বিভিন্ন গোপন ও সামরিক তথ্য। শুরুতে কৌশলটি ধরা না পড়লেও, এক সময় প্রতিপক্ষ এটি ধরে ফেলে। শেষ পর্যন্ত সেই নারী গুপ্তচরকে গ্রেপ্তার করা হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই ঘটনা প্রমাণ করে, পোশাকের নীরব ভাষা যতই নিরাপদ হোক, তা কখনো কখনো ভয়াবহ পরিণতিও ডেকে আনত।
সাহিত্যেও পোশাকের মাধ্যমে গুপ্তচরবৃত্তির প্রতিফলন দেখা যায়। চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘এ টেল অব টু সিটিজ’-এর প্রধান চরিত্র মাদাম লেফার্জের হাতে সব সময় থাকত উল ও বোনার কাঁটা। তিনি যেন সারাক্ষণ সোয়েটার বুনছেন, আসলে উলের বিভিন্ন প্যাটার্নের মধ্যেই লুকায়িত থাকত বিভিন্ন সংকেত। তিনি প্যাটার্নের মাধ্যমে প্রকাশ করতেন বিপ্লবের শত্রুদের নাম ও অপরাধের বিবরণ। যদিও এটি একটি সাহিত্যিক চরিত্র, তবুও ইতিহাসবিদরা মনে করেন, ফরাসি বিপ্লবের সময় সত্যিই অনেক নারী এ ধরনের কৌশল ব্যবহার করেছিলেন।
ইউরোপের বাইরেও এই সংকেতভাষার ব্যবহার লক্ষ্য করা যায়। ইসলামি খেলাফত ও আব্বাসীয় যুগে গুপ্তচররা বিশেষ রঙের পাগড়ি, আংটি বা পোশাকের নকশার মাধ্যমে নিজেদের পরিচয় দিতেন। কোনো কোনো ক্ষেত্রে নির্দিষ্ট রঙের পাগড়ি মানে ছিল রাজদরবারের বিশ্বস্ত বার্তাবাহক। চীন ও মঙ্গোল সাম্রাজ্যে পোশাকের গিঁট, বোতামের অবস্থান কিংবা বেল্ট বাঁধার ধরন ছিল পরিচয়ের চাবিকাঠি। কোথাও হাতার ভাঁজের সংখ্যা, কোথাও পোশাকের বর্ডারের নকশা জানিয়ে দিত যে, সামনের মানুষটি বন্ধু, না শত্রু।
মধ্যযুগে গুপ্তচররা এমন ধরনের পোশাকই পরতেন, যা সাধারণ মানুষের চোখে একেবারেই স্বাভাবিক। কিন্তু সেই স্বাভাবিকতার আড়ালেই লুকিয়ে থাকত বার্তা, গোপন ভাষা। রং, ভাঁজ, নকশা, গহনা, চুলের বিন্যাস সব মিলিয়েই তৈরি হয়েছিল জটিল কিন্তু কার্যকর নীরব এক ভাষা। তখন পোশাক আর গহনা কেবল সাজসজ্জার উপকরণ ছিল না, ছিল রাষ্ট্রীয় নিরাপত্তার এক অদৃশ্য অস্ত্র। এই নীরব গুপ্তভাষা দিয়েই আদান-প্রদান হতো ষড়যন্ত্রের খবর, যুদ্ধের নির্দেশ, ক্ষমতার পালাবদলের সংকেত। ইতিহাসের পাতায় অনেক যুদ্ধ, অনেক রাজ্যের বা রাজার উত্থান-পতনের পেছনে হয়তো কোনো লিখিত চিঠি নেই, আছে শুধু একটি আংটি, একটি রং, কিংবা নিখুঁতভাবে বাঁধা একটি খোঁপা।
তারেক/
.jpg)
.jpg)