কসাই বলতেই আমরা বুঝি বাজারের সেই দোকানদারের কথা যিনি সাধারণত গরু কিংবা ছাগলের চামড়া ছিলে মাংস কেটে কেটে বিক্রি করেন। কিন্তু এই কসাই পদবি যখন একটা পাখি পেয়ে বসে তখন তা সত্যিই ভাবনার বিষয়। আজ আমরা জানব সেই কসাই পাখি সম্পর্কে যার ইংরেজি নাম Shrike। ছোট আকারের হলেও এদের স্বভাব ও শিকার ধরার কৌশল বেশ অভিনব এবং কিছুটা ভয়ংকর বলেই মনে হয়।
কসাই পাখির অন্যতম বৈশিষ্ট্য হলো শিকার ধরার পর তা কাঁটা, তার, বা ধারালো ডালের আগায় গেঁথে দেয়। ঠিক যেন কোনো কসাই মাংস ঝুলিয়ে রাখছে। সাধারণত এ কারণেই এদের নাম হয়েছে ‘কসাই পাখি’। কসাই পাখি আকারে খুব বড় নয়। সাধারণত চড়ুইয়ের চেয়ে কিছুটা বড় ধরা যায়। তবে আকারে ছোট হলেও এরা অত্যন্ত দক্ষ শিকারি। এদের ঠোঁট সামান্য বাঁকানো ও শক্ত হয়ে থাকে। যা দিয়ে সহজেই পোকামাকড়, ছোট টিকটিকি, ব্যাঙ, এমনকি ছোট পাখি পর্যন্ত ধরতে পারে। কসাই পাখির শিকার করার ধরন বেশ কৌশলী। এরা সাধারণত উঁচু ডাল বা খুঁটির ওপর বসে চারপাশ লক্ষ্য করে শিকার চিহ্নিত করে।

আশপাশে কোনো পোকা বা ছোট প্রাণী নড়াচড়া করলে দ্রুত ঝাঁপিয়ে পড়ে ধরে ফেলে। শিকার ধরার পর সমস্যা হলো এদের পায়ের নখর ঈগল বা বাজ পাখির মতো শক্ত নয়, তাই বড় শিকার ধরে রেখে ছিঁড়ে খাওয়া বেশ কঠিন। এ সীমাবদ্ধতাই এদের নতুন কৌশল শিখিয়েছে। শিকারকে কাঁটা বা ধারালো ডালের আগায় গেঁথে রেখে পরে ধীরে ধীরে ঠোঁট দিয়ে ছিঁড়ে এরা খাবার খায়। কখনো কখনো তারা খাবার মজুত করেও রাখে, যাতে পরে প্রয়োজন হলে খেতে পারে।
আরো পড়ুন: বিয়ের পাত্রী কিনতে পাওয়া যায় যেখানে
বাংলাদেশসহ এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে কসাই পাখির দেখা মেলে। এদের রং সাধারণত ধূসর, সাদা, কালো বা বাদামি মিশ্রিত হয়। অনেক প্রজাতির চোখের ওপর কালো দাগ থাকে, যেন মুখোশ পরেছে। এই মুখোশের মতো দাগ তাদের চেহারায় এক ধরনের দৃঢ়তা ও তীক্ষ্ণতা এনে দেয়। প্রকৃতির ভারসাম্য রক্ষায় কসাই পাখির ভূমিকা রয়েছে কারণ এ পাখিগুলো বিপুল পরিমাণ পোকামাকড় খেয়ে ফেলে, যা কৃষিক্ষেত্রে উপকারী হতে পারে। যার ফলে ফসলের ক্ষতিকর পোকা কমাতে সহায়তা করে। তবে ছোট পাখি বা উপকারী প্রাণীও কখনো কখনো তাদের শিকার হয়, এটাই প্রকৃতির স্বাভাবিক নিয়ম, যেখানে প্রতিটি প্রাণী খাদ্যশৃঙ্খলের অংশ প্রকৃতির মাঝে স্বাভাবিকভাবে বেঁচে থাকার কৌশল। মানুষের দৃষ্টিতে যা নির্মম, প্রাণিজগতের দৃষ্টিতে তা টিকে থাকার সংগ্রাম। কসাই পাখি তার সীমাবদ্ধতা কাটিয়ে বুদ্ধিমত্তার সঙ্গে এমন এক পদ্ধতি তৈরি করেছে, যা তাকে সফল শিকারিতে পরিণত করেছে।
সব মিলিয়ে, কসাই পাখি ছোট হলেও অত্যন্ত সাহসী, কৌশলী এবং প্রকৃতির এক অনন্য উদাহরণ। আমাদের দেশে বাদামি বর্ণের কসাই পাখি আগে প্রচুর দেখা যেত, তবে দিন দিনে এদের সংখ্যা কমে যাচ্ছে, যা পরিবেশ ভারসাম্য রক্ষার হুমকিস্বরূপ। প্রকৃতি তার সন্তানকে হারাতে পছন্দ করে না, তাই আমরাও চাইব এ কসাই পাখিগুলোর জীবন সংকটপূর্ণ না হোক। পাখিদের রাজ্যে কসাই হয়েই থেকে যাক যুগ থেকে যুগান্তর।
তারেক/
.jpg)
.jpg)