গান, নৃত্য, আবৃত্তি ও সশ্রদ্ধ স্মৃতিচারণার মাধ্যমে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি, সাহিত্যিক অধ্যাপক বদিউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
প্রয়াত সভাপতির প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার (২৫ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নাগরিক শোকসভার আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
অধ্যাপক বদিউর রহমান এবং রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় শোকসভার কার্যক্রম। এরপর মিলনায়তনের সামনে স্থাপিত অস্থায়ী বেদিতে অধ্যাপক বদিউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তার পরিবারের সদস্য, উদীচী কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা মহানগরের অন্তর্ভুক্ত বিভিন্ন শাখা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, প্রগতি লেখক সংঘ, চারণ, কেন্দ্রীয় খেলাঘর আসরসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা।
এরপর তিনটি সম্মেলক গানের মধ্য দিয়ে শুরু হয় শোকসভার দ্বিতীয় পর্ব। এ পর্বের শুরুতে ‘দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল আলোক’, ‘জাগো সত্যের শুভ্র আলোকে জাগো হে মিলিত প্রাণ’ এবং ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গান তিনটি পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সংগীত বিভাগের শিল্পীরা। এরপর ‘তোমার অসীমে প্রাণমন লয়ে’ গানটির সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন উদীচীর নৃত্যশিল্পীরা।
উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে শুরু হয় আলোচনা পর্ব। এ পর্বে স্মৃতিচারণা করেন তার ছাত্র, সহযোদ্ধা ও সহকর্মীরা। আলোচনা করেন ছায়ানটের সভাপতি এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ড. সারওয়ার আলী, উদীচীর প্রতিষ্ঠাকালীন সদস্য আখতার হুসেন, শিল্পী আনোয়ার হোসেন, উদীচীর সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক রানা, সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও কেন্দ্রীয় সদস্য অধ্যাপক এম এম আকাশ, অভিনেতা সৈয়দ আজিজুল হক মাসুম, অধ্যাপক বদিউর রহমানের বড় মেয়ে সুপা সাদিয়াসহ আরও অনেকে।
শোকসভার শেষ পর্বে আবৃত্তি ও গানের মধ্য দিয়ে অধ্যাপক বদিউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উদীচীর শিল্পীরা। সবশেষে উপস্থিত সবার সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় শোকসভার আয়োজন।