গান, আবৃত্তি ও স্মৃতিচারণার মধ্য দিয়ে বাংলার প্রথিতযশা মনীষী, সাহিত্যিক, সাংবাদিক ও মার্কসবাদী তাত্ত্বিক রণেশ দাশগুপ্ত এবং বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সদ্য প্রয়াত সভাপতি অধ্যাপক বদিউর রহমানকে স্মরণ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ছিল রণেশ দাশগুপ্তের ১১৪তম এবং বদিউর রহমানের ৭৯তম জন্মবার্ষিকী।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর পুরানা পল্টনে কমরেড মনিসিংহ–ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনের ষষ্ঠ তলায় ‘জন্মবার্ষিকীর আয়োজন’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আলোচনা পর্বে বক্তব্য রাখেন সৈয়দ আজিজুল হক মাসুম, উদীচীর সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক রানা, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শিবানী ভট্টাচার্য, কেন্দ্রীয় সংসদের সদস্য বিমল মজুমদার, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য আজমীর তারেক চৌধুরী এবং অধ্যাপক বদিউর রহমানের বড় সন্তান সুপা সাদিয়া।
উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে শুরু হওয়া আলোচনা পর্বে রণেশ দাশগুপ্তের জীবনী পাঠ করেন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য শেখ আনিসুর রহমান।
বদিউর রহমানের জীবনী পাঠ করেন উদীচী কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য কঙ্কণ নাগ। রণেশ দাশগুপ্তের জীবনীতে বলা হয়, ‘তার জীবন ছিল নিরবচ্ছিন্ন সংগ্রামের প্রতিচ্ছবি। ত্যাগ ও আদর্শনিষ্ঠ জীবনের মাধ্যমে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন, যা আজকের পৃথিবীতেও বিরল।’
বদিউর রহমানের জীবনী পাঠে বলা হয়, ‘তিনি শৈশব থেকেই মানবমুক্তির সংগ্রামে দীক্ষিত হয়ে আমৃত্যু সমাজতন্ত্র, সাম্য ও অসাম্প্রদায়িকতার পক্ষে অবিচল থেকেছেন।’
অনুষ্ঠানে উদীচীর শিল্পীরা ‘হে মহামানব একবার এসো ফিরে’, ‘ধিতাং ধিতাং বোলে’, ‘আমরা পূবে-পশ্চিমে’সহ একাধিক সমবেত সংগীত পরিবেশন করেন। পাশাপাশি উদীচী কেন্দ্রীয় আবৃত্তি বিভাগের বাচিক শিল্পীরা পরিবেশন করেন বৃন্দ আবৃত্তি ‘রানার চলেছে’। একক আবৃত্তি পরিবেশন করেন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য শিখা সেনগুপ্তা।
জয়ন্ত সাহা/এসএন