অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যখন এসইউভির আধিপত্য বেড়ে চলেছে, তখন নতুন ইলেকট্রিক সেডান নিয়ে আসছে দক্ষিণ কোরিয়ার অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান কিয়া। প্রতিষ্ঠানটি আগামী বছরে বাজারে আনতে চলেছে ‘২০২৬ কিয়া ইভি৪’।
যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে সেডানের চাহিদা কমছে। অধিকাংশ ক্রেতা এখন এসইউভি কিংবা ক্রসওভার গাড়ির দিকে ঝুঁকছেন। তবে কিয়া ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে ইভি৪ ইলেকট্রিক সেডান বাজারে আনছে, যা সেডানপ্রেমীদের জন্য সুখবর।
কিয়া প্রথমে ২০২৩ সালে ‘ইভি ডে’ ইভেন্টে তাদের ইভি৪ কনসেপ্ট প্রকাশ করে। তখন এটি কিয়ার অন্যান্য ইলেকট্রিক গাড়ির ডিজাইনের সঙ্গে মিল ছিল। এতে ছিল উল্লম্ব হেডলাইট, ঢালু হুড ও উন্নত অ্যারোডাইনামিক বডি।
সম্প্রতি প্রকাশিত ছবিতে দেখা গেছে, উৎপাদন সংস্করণটি মূলত কনসেপ্ট ডিজাইন অনুসরণ করছে। তবে কিছু পরিবর্তন আনা হয়েছে। কনসেপ্ট মডেলের চেয়ে ছোট আকারের চাকা ও সাইড মিরর যুক্ত করা হয়েছে। তবে গাড়ির এক্সটেন্ডেড ফেন্ডার ও রিয়ার রুফলাইন ডিজাইন অপরিবর্তিত রাখা হয়েছে।
বিশেষত ইভি৪ জিটি-লাইন মডেলটি আলাদা আকর্ষণ তৈরি করেছে। এই সংস্করণটিতে ১৯ ইঞ্চির বিশেষ ডিজাইনের চাকা রয়েছে।
কিয়া ইভি৪-এর একটি হ্যাচব্যাক সংস্করণও প্রকাশ করেছে, যা ওয়াগন-সদৃশ আকার বলে মনে হয়। ইভি৪-এর পাওয়ারট্রেন সম্পর্কে কোনো বিবরণ প্রকাশ করেনি কিয়া। তবে ইভি৪ হোনডে (হুন্দাই) ও জেনেসিস ব্র্যান্ডের ব্যবহৃত ই-জিএমপি প্ল্যাটফর্মে নির্মিত হতে পারে। এ প্ল্যাটফর্মের অন্য গাড়িগুলোর মতো রিয়ার ও অল-হুইল-ড্রাইভ সেটআপ ও ১৬৮ থেকে ৬৪১ হর্সপাওয়ারের শক্তিশালী মোটর এতে যুক্ত হতে পারে। এ ছাড়া ৮৪.০ থেকে ৯৯.৮ কিলোওয়াটের ব্যাটারি ক্যাপাসিটি থাকলে একবার চার্জে ৩০০ মাইলের বেশি রেঞ্জ পাওয়া যেতে পারে।
আগামী ২৭ ফেব্রুয়ারি কিয়া আয়োজন করছে ইভি ডে ইভেন্ট। যেখানে ইভি৪-এর ডিজাইন, স্পেসিফিকেশন, ফিচার ও মূল্য সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।