ভারতের অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ এবার বাজারে আনতে চলেছে সিএনজিচালিত মোটরসাইকেল। জ্বালানিসাশ্রয়ী এই বাইকটি পরিবেশবান্ধব পরিবহনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। তবে ঠিক কবে নাগাদ এই গ্যাসচালিত বাইক বাজারে আসবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো জানায়নি প্রতিষ্ঠানটি।
বাজাজ অটো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজীব বাজাজ সম্প্রতি এক সাক্ষাৎকারে সিএনজিচালিত মোটরসাইকেল তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন। একই সঙ্গে তিনি ভারতে সিএনজিচালিত গাড়ির ওপর বর্তমান জিএসটি (পণ্য ও পরিষেবা কর) কমিয়ে ১৮ শতাংশ করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। তার মতে, এটি সিএনজিচালিত যানবাহনের ব্যবহার বৃদ্ধিতে সহায়ক হবে।
সিএনজিচালিত বাইকের পাশাপাশি বাজাজ শিগগিরই হাই-এন্ডের নতুন পালসার মডেল বাজারে আনছে। রাজীব বাজাজ জানিয়েছেন, নতুন পালসার মিড-সেগমেন্টে বাজাজের বাজারে অংশীদারত্ব ৩০ শতাংশ থেকে আরও বাড়াতে সাহায্য করবে। বর্তমানে ১৫০ সিসি থেকে ২০০ সিসি বাইকের বাজার ভারতে দ্রুত বাড়ছে। নতুন পালসার এই ক্রমবর্ধমান বাজারে একটি বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
বাজাজ পালসার শুধু ভারতে নয়, আন্তর্জাতিক বাজারেও অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশ, নেপাল, কলম্বিয়া, আর্জেন্টিনা, পেরু, মেক্সিকো, তুরস্ক, মিসর ও গুয়াতেমালার মতো দেশগুলোতেও পালসারের ব্যাপক চাহিদা রয়েছে। বাজাজ পালসার সিরিজের অধীনে ১২৫ সিসি থেকে ২৫০ সিসি ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন বিভিন্ন মডেলের মোটরসাইকেল বিক্রি করে থাকে, যা বিশ্বব্যাপী বাইকপ্রেমীদের কাছে পছন্দের তালিকার শীর্ষে রয়েছে।
/আবরার জাহিন