গুমোট দিন শেষে এল মেঘলা বিকেল। ‘বৃষ্টি এল ঝেঁপে’–এমন হাঁকডাকও দিল কেউ কেউ। তখন দুরন্ত বাতাসে মেলা প্রাঙ্গণে একটু ধুলো উড়ল। তবে বৃষ্টি হলো না। কিন্তু বইপ্রেমী তরুণের তাতে কী! প্রিয়তমার হাত ধরে সে ঠিক খুঁজে নিল প্রিয় উপন্যাস; প্রিয়জনকে উপহার দিল প্রেমের কবিতাগুচ্ছ।
সোমবার (২ মার্চ) অমর একুশে বইমেলা গড়ায় পঞ্চম দিনে। মেলায় আসা পাঠক, দর্শকদের প্রায় সবাই অন্তত একটি বই কিনেছেন- এমন চিত্র মন ভরিয়েছে প্রকাশকদের। তাদের আশা; দিন কয়েক গড়ালে বইমেলায় পাঠকের ঢল নামবে। নতুন বইয়ের পাশাপাশি চিরায়ত সাহিত্যপ্রেমী পাঠক কিংবদন্তি লেখকদের বইও কিনবেন।
এবারের মেলার বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে প্রথিতযশা লেখকদের একগুচ্ছ নতুন বই। দীর্ঘ অপেক্ষার পর প্রিয় লেখকের নতুন সৃষ্টি হাতে পেতে পাঠকদের, বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে দেখা গেছে অভূতপূর্ব উন্মাদনা। প্রথিতযশা লেখকদের মুন্সিয়ানায় প্রতিটি বইয়েই থাকছে নতুনত্বের ছোঁয়া, যা তরুণ মনকে দারুণভাবে নাড়া দিচ্ছে।
মেলায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিয়ান বলেন, ‘বইমেলা মানেই প্রিয় লেখকদের সঙ্গে নতুন করে পরিচিত হওয়া। বড় মাপের লেখকদের বইগুলো আমাদের ভাবনার খোরাক দেয়। তাদের লেখার যে গভীরতা, তা সংগ্রহে রাখা আমাদের জন্য একধরনের উৎসবের মতো।’
মাত্র ২২ বছর বয়সেই হুমায়ুন আজাদ দৈনিক ইত্তেফাক-এ লিখতে শুরু করেছিলেন একটি ধারাবাহিক কলাম, শিরোনাম ‘জর্নাল’। প্রথম কিস্তি ছাপা হয়েছিল ১৯৬৯ সালের ১৪ এপ্রিল। ক্রমে ক্রমে কলামটি জনপ্রিয়তা পায়, আলোচিত হতে থাকে। টানা দুই বছর নিয়মিত-অনিয়মিতভাবে ‘জর্নাল’-এর ৩৩টি কিস্তি প্রকাশ পায়। মেদহীন হৃদয়দ্রাবী গদ্য ভাষায় রচিত ‘জর্নাল’-এর ছত্রে ছত্রে প্রমাণ মেলে, তরুণ বয়সেই হুমায়ুন আজাদের চিন্তার জগৎ হয়ে উঠেছিল বিস্তৃত ও স্বতন্ত্র। প্রথম প্রকাশের পর ৫০ বছরেরও বেশি সময় অগ্রন্থিত হয়ে থাকা হুমায়ুন আজাদের ‘জর্নাল’ অবশেষে বইয়ের আকার পেল। ‘জর্নাল’ বইমেলায় এনেছে আগামী প্রকাশনী।
কবি, প্রাবন্ধিক ও গবেষক মুস্তাফা মজিদের ‘হাজং জাতিসত্তা’ বইটিও মেলায় এনেছে আগামী। এই গ্রন্থে হাজংদের সমাজব্যবস্থা, উত্তরাধিকারব্যবস্থা ও বিবাহ, ধর্মমত, পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ, উৎসব-পার্বণ ইত্যাদি আলোচিত হয়েছে। এ ছাড়া আলোচিত হয়েছে ঐতিহাসিক হাজং বিদ্রোহ।
বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান কথাশিল্পী হিসেবেও সাহিত্যাঙ্গনে সমধিক সমাদৃত। তার বিভিন্ন গল্পের সংকলন নিয়ে কথাপ্রকাশ মেলায় এনেছে ‘অমূল্য কথা গল্প যথা’। এই গল্পগ্রন্থটি মূলত মানুষের জীবন, সমাজ ও ইতিহাস থেকে সংগৃহীত নানা বোধ, মূল্যবোধ ও অভিজ্ঞতার সংকলন। হাজার বছরের মানবসভ্যতার কথামালা—ভালোবাসা, ন্যায়-অন্যায়, সততা, প্রতারণা, সংগ্রাম, বিপ্লব ও শান্তির আকাঙ্ক্ষা—এই বইয়ে নির্বাচিত রূপে স্থান পেয়েছে।
হাশেম খান জানিয়েছেন, এই গ্রন্থের বিক্রয়লব্ধ অর্থ থেকে পাওয়া সম্মানী দুস্থ ও অসহায় মানুষকে, বিশেষ করে শিশু ও নারীদের জন্য ব্যয় হবে। একটি রেজিস্ট্রার্ড ট্রাস্ট ফান্ডের মাধ্যমে কাজটি সমাধা হবে।
নিকোস কাজানজাকিস আধুনিক গ্রিক সাহিত্যের এক মহীরুহ। তার রচনায় বারবার ফিরে আসে মানুষের অন্তর্দ্বন্দ্ব-শরীর ও আত্মা, বিশ্বাস ও বিদ্রোহ, সীমাবদ্ধতা ও মুক্তি। ‘সার্পেন্ট অ্যান্ড লিলি’ তার আত্মজৈবনিক প্রেম-উপন্যাসিকা। এখানে প্রেমকে কেন্দ্র করে উন্মোচিত হয় এক তরুণের অন্তর্দ্বন্দ্ব-কামনা ও সংযম, শরীর ও আত্মা, পাপ ও পবিত্রতার টানাপোড়েন। প্রেমিকা এখানে কেবল প্রেয়সী নয়; সে প্রলোভন, মুক্তির সম্ভাবনাও। খালিকুজ্জামান ইলিয়াসের অনুবাদে ‘সাপ ও শাপলা’ উপন্যাসিকায় পাঠক আবিষ্কার করবেন কাজানজাকিসের সাহিত্যভুবনের শুরুর দিককার স্পন্দন। এটি বইমেলায় এনেছে বেঙ্গল বুকস।
রমজান মাসে বইমেলার আয়োজনে প্রথিতযশা লেখকদের আনাগোনা অনেক কম। তবে সময় প্রকাশনীর স্টলে পাঠকদের সঙ্গে আলাপচারিতা জমে উঠছে কথাসাহিত্যিক মোস্তফা কামালকে ঘিরে।
কথাসাহিত্যিক মোস্তফা কামালের উপন্যাস ‘বিষাদ বসুধা’ গত বছরের বইমেলায় সাড়া ফেলেছিল উপন্যাসপ্রেমী পাঠকদের মাঝে। পাঠক চাহিদার কারণে সময় প্রকাশন সেই উপন্যাসের দ্বিতীয় পর্ব এনেছে এবারের বইমেলায়।
সোমবার (২ মার্চ) সন্ধ্যায় সময় প্রকাশনের স্টলে উপন্যাসটি নিয়ে তরুণ পাঠকদের সঙ্গে বেশ কিছু সময় আড্ডায় মেতে ওঠেন মোস্তফা কামাল।
শুধু প্রথিতযশা লেখকদের বই-ই নয়; বইমেলায় এসেছে বেশ কয়েকজন প্রবাসী ও তরুণ লেখকের বই।
তরুণ গবেষক মেহেদী হাসানের ‘বাইশ পরিবারের অতীত ও বর্তমান’ বইটি মেলায় এনেছে বাঙ্গালা গবেষণা। এই বইয়ে লেখক দেখিয়েছেন, বাংলাদেশেও নতুন এক ধনী ক্ষমতাকেন্দ্রিক গোষ্ঠী তৈরি হয়েছে; যা পাকিস্তানি অর্থনৈতিক মডেলের পুনরুৎপাদন বলেই তিনি মনে করেন। রাষ্ট্রক্ষমতার বিন্যাস, বৈশ্বিক পুঁজিবাদী প্রভাব ও নীতিগত সিদ্ধান্তের ধারাবাহিকতায় কীভাবে সম্পদ ও ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে, তার রাজনৈতিক-অর্থনৈতিক বিশ্লেষণই এই বইয়ের মূল উপজীব্য।
যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রকৌশলী মুরাদুল ইসলামের গল্পগ্রন্থ ‘অমানব’ বইমেলায় এনেছে মাওলা ব্রাদার্স।