জাতীয় পতাকা দিবস উপলক্ষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের হাতের ছাপে তৈরি করা হয়েছে লাল-সবুজের জাতীয় পতাকা। নিজেদের অর্থায়নে কাপড় ও রং কিনে তারা এই ব্যতিক্রমী আয়োজন করেন।
শনিবার (২ মার্চ) সকাল থেকে হাতে লাল ও সবুজ রং মিশিয়ে সাদা কাপড়ে ছাপ দেন শিক্ষক-শিক্ষার্থীরা। পরে দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের চূড়ায় পতাকাটি উত্তোলন করেন তারা।
শিক্ষার্থীদের এ কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন।
শিক্ষার্থীদের ব্যতিক্রমী এ উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, পতাকাকে যেন কোনোভাবেই অবমাননা করা না হয় সেদিকে তোমরা খেয়াল রাখবে।
প্রক্টর কামরুজ্জামান চৌধুরীসহ আরও কয়েকজন শিক্ষক নিজের হাতের ছাপ দিয়ে এই সুন্দর কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন এবং উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করেন।
আয়োজক দলের সদস্য শিমুল ও নাবিল জানান, অনেক দিন ধরেই তাদের পরিকল্পনা ছিল ২ মার্চ জাতীয় পতাকা দিবস উপলক্ষে কিছু একটা করার। সহপাঠীরা মিলে অবশেষে এ দিনেই আয়োজন করতে পারায় আনন্দ লাগছে। মূলত শিক্ষার্থীদের মধ্যে পতাকা অর্জনের পেছনের ইতিহাসকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই এ পতাকা। পরবর্তী সময়ে পতাকাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে উত্তোলন করি আমরা। লাল-সবুজের পতাকা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করে সামনে এগিয়ে যেতে চাই আমরা।
১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করছিলেন ছাত্র নেতা আ স ম আব্দুর রব। এরপর থেকে এই দিনটি জাতীয় পতাকা দিবস হিসেবে পালন করা হচ্ছে।
ইসফাক আলী/জোবাইদা/অমিয়/