সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভারতবিরোধী স্ট্যাটাসের জেরে ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে এবার তার জীবিতাবস্থায় শেষ ঠিকানা শেরেবাংলা হল প্রাঙ্গণে আবরার ফাহাদ স্মৃতিফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) ওই স্মৃতিফলকের উদ্বোধন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম বদরুজ্জামান।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘যারা সত্য বলতে ভয় পাবে না, যারা দেশের জন্য লড়বে- ঘরে ঘরে যেন আবরার ফাহাদের মতো এমন সন্তান আসে। আবরারের জীবন থেকে আমরা এই শিক্ষাই নেব। ভবিষ্যতে আর যেন কাউকে আবরারের মতো জীবন দিতে না হয়। এই স্মৃতিফলক তৈরি করতে যা কিছু প্রয়োজন শেরেবাংলা হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে হাত মিলিয়ে তা করে যাব।’
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আবরার ফাহাদের নামে স্মৃতিফলক নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্মৃতিফলক নির্মাণের সিদ্ধান্ত নেয়। পরে কমিটি গঠনের মাধ্যমে স্মৃতিফলকের নকশা নির্বাচন করে হল প্রাঙ্গণেই এই স্মৃতিফলক নির্মাণের কাজ শুরু করা হয়। শেরেবাংলা হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন আর্থিক সহযোগিতার মাধ্যমে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন করার ঘোষণা দেওয়া হয়।