নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের রাজনীতি, র্যাগিং ও নিরাপত্তার বিষয়ে তিনটি নির্দেশনা দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এফ এম আরিফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
নবীন শিক্ষার্থীদের যে তিনটি নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো হলো-
(১) গত ৯ আগস্ট অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের জরুরি সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা ও শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নোবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের সব রকম রাজনীতি বা রাজনৈতিক দল সমূহের সহযোগী/অঙ্গ/ভ্রাতৃপ্রতিম সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে কোনো কার্যক্রম গ্রহণ ও সব ধরনের দলাদলি নিষিদ্ধ করা হয়েছে।
(২) বিশ্ববিদ্যালয়ে সব রকম র্যাগিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নতুন শিক্ষার্থীদের যে কোনো রকম হয়রানি বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কোনো র্যাগিং কিংবা হয়রানির অভিযোগ পাওয়া গেলে শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
(৩) নতুন শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত কোনো সমস্যা দেখা দিলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অথবা ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
কাউছার আহমেদ/জোবাইদা/অমিয়/