চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চর্তুথ বর্ষের প্রশ্নফাঁসের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রশ্নফাঁসের ঘটনা ঘটলে ওই দিন বিকেল পাচঁটায় সিন্ডিকেট সভা ডেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।
এ তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, সদস্য আইসিটি সেলের পরিচালক অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী এবং সদস্য সচিব হিসেবে আছেন শিক্ষক নিয়োগ শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. হাছান মিয়া।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী বলেন, 'প্রশ্ন ফাঁসের ঘটনায় একটি কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়েছে।'
এর আগে বুধবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উড়োচিঠি দিয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করেছিলেন অজ্ঞাত এক ব্যক্তি। পরে অজ্ঞাত ব্যক্তির দেওয়া প্রশ্নপত্র নিয়ে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহিয়া আখতার তার প্রশাসন নিয়ে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আসেন। তিনি পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে চিঠিতে দেওয়া প্রশ্নপত্রের হুবহু মিল পান।
এরপর প্রশাসনের নির্দেশে পরীক্ষা কমিটি পরীক্ষা স্থগিত করার আদেশ দেয়।
মাহফুজ শুভ্র/সুমন/এমএ/