জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) থিয়েটার বিভাগের শিক্ষার্থী তাকরিম আহমেদকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
শনিবার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর কোতোয়ালি থানায় জিডি করেন তিনি।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তাকরিম লেখেন, "একটা অপরিচিত নাম্বার থেকে আমাকে থ্রেট দেওয়া হয়েছে। উড়ায়ে দিবে বলল!"
জিডিতে তিনি উল্লেখ করেন, আমি জগনাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগেরর শিক্ষার্থী। জবির দ্বিতীয় ক্যাম্পাসের আন্দোলনের সঙ্গে যুক্ত। আন্দোলনের সূত্র ধরে ১৩ জানুয়ারি বাংলাদেশ সচিবালয়ের সামনে যাই। আন্দোলনে স্লোগানরত অবস্থায় আমার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। গত ১৭ জানুয়ারি বিকেল ৪টার দিকে আমি আমার ক্যাম্পাসে থাকা অবস্থায় অপরিচিত মোবাইল নাম্বার থেকে কল দিয়ে অশ্লীল গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেয়।
এ বিষয়ে গণমাধ্যমকে ভুক্তভোগী শিক্ষার্থী তাকরিম বলেন, আমাকে মোবাইল ফোনকলে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়া হয়। আমি প্রথমে ভেবেছিলাম কেউ হয়তো মজা করছে। আমি প্রাথমিকভাবে ফোনটা কেটে দেই। তার পর আবার কল দিয়ে গালি দিয়ে বলে বেশি বাড়াবাড়ি করছিস, তোকে কিন্তু উড়িয়ে দিবো।
তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেকোনো ধরনের ন্যায্য আন্দোলনে সব সময় ছিলাম। দ্বিতীয় ক্যাম্পাসের আন্দোলনেও যুক্ত থেকেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে। অধিকার আদায়ের প্রশ্নে যেহেতু কাউকে ছাড় দেওয়া হয় না, সেহেতু অধিকার রক্ষাকারীদের প্রতিই আঙুল উঠাতে হয়। সে জন্যই স্লোগান দিয়েছি। আমার যেখানে থাকা-খাওয়ার চিন্তা করতে হয়, সেখানে অধিকার আদায় করতে দেখেশুনে কিংবা বিবেচনা করে কোনো স্লোগান দেওয়া বা আন্দোলন তো করা যায় না। ক্ষমতায় যারা থাকে, তাদের দিকেই আঙুল উঁচু করতে হয়। সাধারণ আন্দোলনকারী হিসেবে আমিও তাই করেছি।
এ বিষয়ে কোতোয়ালি থানার ডিউটি অফিসার আবদুল আল ফাহাদ বলেন, আমরা জিডি নিয়েছি। পরবর্তী স্টেপ নেবেন তদন্ত কর্মকর্তা।
তাকরিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং ক্যাম্পাসের পরিচিত মুখ। ক্যাম্পাসের বিভিন্ন আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সব সময় সোচ্চার ছিলেন। সর্বশেষ, শিক্ষার্থীদের তিন দফা দাবিতে রাজপথে স্লোগানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মুজাহিদ বিল্লাহ/জোবাইদা/