শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রাঙ্গামাটি মেডিকেল কলেজের ৬ ছাত্রলীগ নেতাকে বিভিন্ন মেয়াদে একাডেমিক কার্যক্রম ও মেডিকেল কলেজ ছাত্রাবাস থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। আগামী ১ ফেব্রুয়ারি থেকে শাস্তি কার্যকর হবে বলে বলা হয়েছে। একইসঙ্গে ১ ফেব্রুয়ারির মধ্যে ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি জানিয়ে এরইমধ্যে নোটিশ বোর্ডে নোটিশ টানানো হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. প্রীতিপ্রসুন বড়ুয়া ৬ শিক্ষার্থীকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। বহিষ্কার হওয়া ৬ শিক্ষার্থী ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
এরমধ্যে রাঙ্গামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আয়াদ শরীফ সিরাজ রোল নম্বর-১৬, ৬ষ্ঠ ব্যাচ, তাকে ২ বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার এবং আজীবনের জন্য কলেজ ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদের মধ্যে রাঙ্গামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক ২০২০-২১ শিক্ষাবর্ষ ৭ম ব্যাচের শিক্ষার্থী বিক্রম আদিত্য চাকমা, রোল নম্বর-৪১, সাংগঠনিক সম্পাদক ২০২১-২২ শিক্ষাবর্ষ ৮ম ব্যাচের ইমতিয়াজ হোসেন, রোল নম্বর-৩২, সাংগঠনিক সম্পাদক ২০২২-২৩ শিক্ষাবর্ষ ৯ম ব্যাচের সৃজন কান্তি দে, রোল নম্বর-১৩, সাংগঠনিক সম্পাদক ২০২২-২৩ শিক্ষাবর্ষ ৯ম ব্যাচের অভিজিৎ কুমার বৈদ্য, রোল নম্বর-৩৪, ও সাংগঠনিক সম্পাদক ২০২২-২৩ শিক্ষাবর্ষ ৯ম ব্যাচের সিংসিংএ মং মারমা, রোল নম্বর-৪২। তাদেরকে রাঙ্গামাটি মেডিকেল কলেজ ছাত্রাবাস থেকে ৩ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
রাঙ্গামাটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও সিট বরাদ্দ কমিটির সমন্বয়ক ডা. হাবিবুল ইসলাম চৌধুরী সাক্ষরিত নোটিশ এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, রাঙ্গামাটি মেডিকেল কলেজে গেল ১৬ জুলাই মেডিকেল কলেজের শিক্ষার্থী ও বহিরাগতের মধ্যে সংগঠিত সংঘাতময় অপ্রীতিকর ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা কতিপয় ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে। অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত ৬ ছাত্রের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তির সুপারিশ করে। যা দশম একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
ডা. হাবিবুল ইসলাম চৌধুরী বলেন- গত ২৬ জানুয়ারি একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে শাস্তির সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যেই নোটিশ জারী করা হয়েছে।
জিয়াউর রহমান জুয়েল/মাহফুজ