জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর ওই হামলার বিষয়ে গঠিত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (১৭ মার্চ) ঢাবির এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন এক সিন্ডিকেট সদস্য। বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মী বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই সিন্ডিকেট সদস্য বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের চিহ্নিত করেছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। বিষয়টি আজ সিন্ডিকেটে উঠেছে। সেটার পরিপ্রেক্ষিতে আমরা সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছি। এতে কেউ যদি নিরপরাধ হয়ে থাকে সে যেন আত্মপক্ষ সমর্থন জানাতে পারে। এ বিষয়ে পরে বিস্তারিত জানাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।’
এদিকে ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ খবরের কাগজকে বলেন, ‘১২৮ জনকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। পরবর্তী সময়ে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে, গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন তথ্যানুসন্ধান কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল ইসলাম সুপণ। তিনি প্রতিবেদনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের কাছে জমা দেন।
আরিফ/সালমান/