উচ্চশিক্ষার জন্য জাপানের অন্যতম জনপ্রিয় ও প্রথিতযশা স্কলারশিপ প্রোগ্রাম হলো মনবুকাগাকুশো বা মেক্সট বৃত্তি। যার যাত্রা শুরু হয় ১৯৫৪ সালে। জাপান সরকারের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জাপানি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার জন্য এই স্কলারশিপের ব্যবস্থা করে থাকে। এই বৃত্তির জন্য বাংলাদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করা যায়। কেউ সরাসরি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আবেদন করতে চাইলে সেটাও করতে পারবে।
যে যে বিষয়ে অধ্যয়ন করা যাবে
এই স্কলারশিপে ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি কোর্সের জন্য শিক্ষা সহায়তা পাওয়া যায়। এই স্কলারশিপ প্রোগ্রাম মোট সাতটি ক্যাটাগরিতে দেওয়া হয়, যেমন- রিসার্চ স্টুডেন্ট, টিচার্স ট্রেনিং স্টুডেন্ট, আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্ট, জাপানিজ স্টাডিজ স্টুডেন্ট, কলেজ অব টেকনোলজি স্টুডেন্ট, প্রোফেশনাল ট্রেনিং কলেজ স্টুডেন্ট এবং ইয়াং লিডার প্রোগ্রাম স্টুডেন্ট।
সুযোগ-সুবিধা
এ বৃত্তির জন্য আবেদন করতে শিক্ষার্থীদের কোনো ফি দিতে হবে না। লাগবে না ভর্তি ফি। মওকুফ করা হবে টিউশনি ফিও। আসা-যাওয়ার জন্য থাকছে বিমানভাড়া। এ ছাড়া মাসিক উপবৃত্তির ব্যবস্থাও রয়েছে। মাস্টার্স ডিগ্রির জন্য মাসে ১ লাখ ৪৭ হাজার জাপানি ইয়েন (১ লাখ ২৪ হাজার ৯২৭ টাকা)। আর পিএইচডি ডিগ্রির জন্য থাকছে মাসে ১ লাখ ৪৮ হাজার জাপানি ইয়েন (১ লাখ ২৫ হাজার ৭৭২ টাকা)।
আবেদনের যোগ্যতা
মনবুকাগাকুশো বা মেক্সট বৃত্তির জন্য আপনার থাকতে হবে নিম্নোক্ত যোগ্যতা-
ব্যাচেলর প্রোগ্রামের জন্য আবেদনকারীদের অবশ্যই ২০০০ সালের ২ এপ্রিলের পরে জন্মগ্রহণ করতে হবে। এবং উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
মাস্টার্স বা পিএইচডির জন্য আবেদন করতে হলে আপনার বয়সসীমা ৩৫ বছরের নিচে থাকতে হবে। আর অন্য প্রোগ্রামে আবেদন করতে ১৭-১৮ থেকে ২৫-৩০ বছরের মধ্যে থাকতে হবে।
এ ছাড়া মেক্সটের নিজস্ব সিজিপিএ মানদণ্ডে একাডেমিক ফলাফলের স্কোর প্রয়োজন পড়বে।
আবেদনের সময়সীমা
মনবুকাগাকুশো বা মেক্সট বৃত্তি আবেদন প্রক্রিয়া শুরু হয় মার্চের শেষে বা এপ্রিলের মাঝামাঝি সময়। আবেদনের হালনাগাদ সময়সীমা জানতে নিম্নোক্ত ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন-https://www.bd.emb-japan.go.jp/itpr_en/education.html
আবেদন প্রক্রিয়া
আবেদনের প্রথম পদ্ধতি: প্রথমে অনলাইনে ফরম পূরণ করে তারপর সব কাগজপত্র বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে হবে।
আবেদনের দ্বিতীয় পদ্ধতি: প্রথমে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ল্যাব প্রধানকে ই-মেইল করে নিজের গবেষণা সম্পর্কে জানাতে হবে। যদি প্রফেসর রাজি হন, তাহলে আপনি মনবুকাগাকুশো বা মেক্সট বৃত্তির মাধ্যমে জাপানে পড়তে আসতে চান, এ ব্যাপারে কনভিন্স করুন। তখন তারা আপনার ইন্টারভিউ নেবে এবং আপনি তাদের কনভিন্স করতে পারলে প্রফেসর বিশ্ববিদ্যালয়কে জানাবে আর তারাই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে আপনাকে স্কলারশিপ পাওয়ার ব্যাপারে সহযোগিতা করবে।
মনবুকাগাকুশো বা মেক্সট বৃত্তি প্রোগ্রামের জন্য আপনাকে জমা দিতে হবে-
- আবেদন ফরম
- সব একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট
- রিকমেন্ডেশন লেটার (দুটি) – সাইন করে সিলড অবস্থায় দিতে হবে।
- জাতীয় পরিচয়পত্রের কপি
- পাসপোর্টের কপি
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নাম শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করবে। এরপর জাপান দূতাবাস লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা নেবে এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে। সূত্র: studyspice.com
লেখক: শিক্ষার্থী, এমএম কলেজ, যশোর
/রিয়াজ