ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছে। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন তারা।
সোমবার (১২ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
আটক ছাত্রলীগ নেতার নাম সায়মুম খান। তিনি বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কৃষিশিক্ষা বিষয়ক সম্পাদক।
জানা গেছে, সায়মুম খান সনদ তুলতে বিশ্ববিদ্যালয়ে আসেন এবং পরে সন্ধ্যায় তার বান্ধবীর (প্রেমিকা) সঙ্গে আড্ডা দিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসেন। এ সময় শিক্ষার্থীরা তাকে প্রধান ফটকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহজনকভাবে আটক করেন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের কাছে হস্তান্তর করা হলে নিরাপত্তাকর্মীরা তাকে ইবি থানায় সোপর্দ করেন। পূর্বের একটি মারধরের ঘটনার জের ধরে শিক্ষার্থীরা তার ওপর ক্ষুব্ধ ছিল।
শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে অবস্থানকালীন সায়মুমের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে হয়রানি ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ রয়েছে। সর্বশেষ গত বছরের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খায়রুল ইসলামকে আনাস হলে ডেকে নিয়ে মারধর ও ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দেয় সায়মুম। এ ঘটনায় ভুক্তভোগী প্রক্টর অফিসে লিখিত অভিযোগও দিয়েছিলেন।
ঐ ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আমি মারধরের শিকার হয়ে প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছিলাম। ছাত্রলীগের কর্মী হওয়ায় তখন বিচার পাইনি। তার দেওয়া হুমকির সমস্ত প্রমাণ আমার কাছে আছে।’ এর পর তিনি অভিযুক্তের বিরুদ্ধে ইবি থানায় মারধরের অভিযোগ করেন।
অপরদিকে, সায়মুমের সঙ্গে থাকা ওই ছাত্রী, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, জানান, ‘ঘটনাস্থলে কোনো অপ্রীতিকর কিছু ঘটেনি। হঠাৎ কিছু শিক্ষার্থী এসে ঘিরে ধরে এবং পরে নিরাপত্তাকর্মীদের ডেকে পুলিশের হাতে তুলে দেয়। ও কাউকে কোনো ক্ষতি করেনি। শুধুমাত্র ছাত্রলীগের নেতা হওয়ায় মামলা দেওয়া হচ্ছে। আগের মারধরের ঘটনাও প্রক্টর অফিসে মীমাংসা হয়েছিল।’
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. শহিদুল ইসলাম বলেন, ‘সে (সায়মুম) ক্যাম্পাসে এসেছে-বিষয়টি আমাদের জানানো হয়নি। আগের ঘটনা বিষয়ে বিভাগ অবগত নয়।’
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ বিষয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীরা ওই ছেলেকে আমাদের হাতে সোপর্দ করে। আমরা জানতে পেরেছি সে (সায়মুম খান) নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের পোস্টেড নেতা। ছাত্রলীগের কর্মকাণ্ডে জড়িত দেখিয়ে তাকে কোর্টে চালান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘যেহেতু তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন পদধারী নেতা, সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা যেতে পারে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোপূর্বেই আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে, যদি এমন কেউ বিশৃঙ্খলার চেষ্টা করে তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।’
নিয়ামত/মাহফুজ