জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন সুবিধাসহ বিভিন্ন দাবি পূরণে আগামীকাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করবেন শিক্ষার্থীরা। বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা। আগামীকাল সকাল ১১টায় শুরু হবে এই লং মার্চ।
মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা ৭.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সক্রিয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনসমূহের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘জবি ঐক্য’ এ কর্মসূচির ঘোষণা দেয়।
এ বিষয়ে জবি শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি খবরের কাগজকে বলেন, আমাদের আবাসন ও বাজেট বৃদ্ধিতে আজকের মিটিংএ ইউজিসি কোনো সন্তোষজনক সিদ্ধান্ত দিতে পারেনি, তারা মিটিং এ আবার মিটিংয়ের কথা বলেছে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠনের যে ঐক্য হয়েছে, সেই ঐক্য সিদ্ধান্ত নিয়েছে আমরা পরশু না, আগামীকালই আমাদের অধিকার আদায়ে জন্য লং মার্চ টু যমুনা ও দাবি আদায় না হওয়া পর্যন্ত যমুনায় অবস্থান ঘোষণা করেছি। কাল সকল জবিয়ানের জন্য বাস চলবে। সকল পরীক্ষা বন্ধ থাকবে। ক্লাস, পরীক্ষা বর্জন করে সম্মানিত শিক্ষকগণসহ সবাইকে মার্চে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
উল্লেখ্য, সোমবার (১২ মে) শিক্ষার্থীদের আবাসনসহ চার দফা দাবি আদায়ে ক্যাম্পাসে অনুষ্ঠিত ছাত্র-শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর মঙ্গলবার বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শিক্ষক সমিতির সদস্যরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকে জবির বাজেট বৃদ্ধি ও আবাসন সংকট নিরসন বিষয়ে আলোচনা হলেও কোনো সমাধান পাননি বলে অভিযোগ শিক্ষার্থীদের। প্রতিবারের মতো আশ্বাসেই সীমাবদ্ধ যেন না থাকে তাই লংমার্চ কর্মসূচি ঘোষণা করেন তারা।
মুজাহিদ বিল্লাহ/মাহফুজ