ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যায় দোষীদের বিচারের দাবিতে শিক্ষার্থীদের করা বিক্ষোভের কারণে বৃহস্পতিবার (১৫ মে) ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে ছাত্রদল। সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে কলা ভবনের মূল ফটক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ফটকে তালা দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এদিন বেলা পৌনে ১১টার দিকে কালো ব্যাজ পরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রদলের কেন্দ্রীয়, মহানগর, রাজধানীর বিভিন্ন ইউনিট এবং ঢাবি শাখার নেতাকর্মীরা।
এ সময় সাম্য হত্যার বিচার দাবিসহ ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’; ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, হত্যাকারীর ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘আমরা ভিসিকে কয়েকবার ক্যাম্পাসকে নিরাপদ করার জন্য স্মারকলিপি দিয়েছি। কিন্তু কোনো পদক্ষেপ দেখতে পাইনি। ক্যাম্পাসে ৫ আগস্টের আগের কয়েক বছরে একটিও খুনের ঘটনা ঘটেনি। কিন্তু ৯ মাসে কীভাবে দুটি হত্যা হয়? শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া প্রক্টরকে আজকের মধ্যে আর তার পদে দেখতে চাই না। সেই সঙ্গে ভিসির পদত্যাগ দাবি করছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের মৃত্যুতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে দুপুর ১টা পর্যন্ত অর্ধদিবস বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এর ধারাবাহিকতায় আজ পূর্ণদিবসের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।’
সুমন/