যুক্তরাষ্ট্রের অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বোস্টন ইউনিভার্সিটি ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রেসিডেনশিয়াল স্কলারশিপ প্রোগ্রামে আবেদন গ্রহণ শুরু করেছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বোস্টন ইউনিভার্সিটিতে স্নাতক পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন এবং প্রতিবছর পাবেন ২৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত অর্থ সহায়তা।
বিশ্ববিদ্যালয় পরিচিতি
আমেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের রাজধানী বোস্টন শহরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে এখানে প্রায় ২৯ হাজার শিক্ষার্থী ও ৪ হাজারের বেশি ফ্যাকাল্টি সদস্য রয়েছেন। বিশ্বের ১৪০টির বেশি দেশের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন।
স্কলারশিপের সুযোগ-সুবিধা
প্রার্থীদের যোগ্যতা, একাডেমিক পারফরম্যান্স, অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের ভিত্তিতে বাছাই করা হবে। নির্বাচিত শিক্ষার্থীরা প্রতিবছর পাবেন ২৫,০০০ মার্কিন ডলার মূল্যের স্কলারশিপ। আর এটি চার বছর পর্যন্ত প্রযোজ্য থাকবে।
অধ্যয়নের ক্ষেত্রসমূহ
স্কলারশিপটি নিম্নলিখিত বিষয়ের ওপর পড়াশোনার সুযোগ প্রদান করে:
- স্বাস্থ্যবিজ্ঞান
- যোগাযোগ
- শিল্প ও বিজ্ঞান
- ইঞ্জিনিয়ারিং
- চারুকলা
- ব্যবসা
- গ্লোবাল স্টাডিজ
- শিক্ষা ও মানব উন্নয়ন
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই বিদেশি (ইন্টারন্যাশনাল) শিক্ষার্থী হতে হবে। স্যাট স্কোর কমপক্ষে ১৫০০ এবং এসিটি স্কোর কমপক্ষে ৩৩ থাকতে হবে। একাডেমিক রেজাল্ট হতে হবে চমৎকার। ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের জন্য শিক্ষার্থীদের নিম্নোক্ত ডকুমেন্টগুলো প্রস্তুত রাখতে হবে:
- পাসপোর্ট
- মাধ্যমিক স্কুলের সনদ
- ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর (টোফেল/আইইএলটিএস)
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট
- কাউন্সিলরের সুপারিশপত্র
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে ভিজিট করুন:
https://www.bu.edu/admissions/tuition-aid/scholarships-financial-aid/first-year-merit/presidential/।
আবেদনের শেষ তারিখ: ১ ডিসেম্বর ২০২৫
/রিয়াজ