শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ও ‘আমরা বিএনপি পরিবার'-এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচি পালিত হয়।
বুধবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। তিনি নিজ হাতে একটি নিম গাছের চারা রোপণ করে এ কর্মসূচির শুভ সূচনা করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে গাছের চারা রোপণ করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। আরও উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ ও হিসাব) অধ্যাপক ড. এ. কে. এম. রুহুল আমিন, পরিচালক (আইকিউএসি) অধ্যাপক ড. মো. রজ্জব আলী, পরিচালক (সাউরেস) ড. এফ. এম. আমিনুজ্জামান ও প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী প্রমুখ।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরাও এ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এদিন নিম, আম, ডালিম, কামরাঙ্গা, বাতাবি লেবু, লিচু ও বিভিন্ন ভেষজ উদ্ভিদসহ শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান খামার তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) মো. লুৎফুর রহমান মৃদুল, এস্টেট উইংয়ের ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ আখতার হোসেন এবং আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও বায়ু দূষণ মোকাবিলায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ এবং তার যথাযথ পরিচর্যা এখন সময়ের দাবি। দেশের সবুজায়নের মধ্য দিয়েই পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়া সম্ভব।’
আরাফাত রহমান/সুমন/