দীর্ঘ ২১ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব পেল সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদল।
সোমবার (১১ আগস্ট) এমসি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কাউন্সিলে ভোটারদের সরাসরি অংশগ্রহণে এ নির্বাচন সম্পন্ন হয়।
এ কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ।
দীর্ঘ বিরতির পর এ কাউন্সিলকে ঘিরে কলেজ ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ব্যানার, পোস্টার ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৬৩৯ জন ভোটারের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৩০১ জন ভোট দেন।
জানা যায়, সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে খান মোহাম্মদ সামি সভাপতি ও জুনেদুর রহমান জুনেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে প্রাপ্ত ভোটের হিসাবে খান মোহাম্মদ সামি ১৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রাজিব হোসাইন সাহিদ পান ৭৯ ভোট। অন্যদিকে হাবিবুর রহমান ৪৮ ভোট এবং হাবিবুর রহমান নাঈম পান ৪০ ভোট।
সাধারণ সম্পাদক পদে জুনেদুর রহমান জুনেদ বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তিনি ২৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ুন রশিদ শাহ পান ১২ ভোট এবং এহসানুল হক তালহা পান ৬ ভোট।
সর্বশেষ ২০২১ সালের ১৮ জানুয়ারি সজিব আহমেদকে আহ্বায়ক ও মোহাইমিনুল হক তপুকে সদস্যসচিব করে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরে আহ্বায়ক বিদেশে গেলে প্রথম যুগ্ম-আহ্বায়ক সেলিম আহমদ সাগর আহ্বায়কের দায়িত্ব পান। যদিও ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ থাকলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে কার্যক্রম স্থবির হয়ে ক্যাম্পাসে সংগঠনের প্রভাব কমে যায়।
নাঈম/অমিয়/