চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা। বুধবার ( ১৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের সঞ্চালনায় এ সময় নেতারা বক্তব্য রাখেন। তারা আগামী এক সপ্তাহের মধ্যে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিসহ ফ্যাসিবাদের দোসরদের দ্রুত বিচার, শিক্ষার্থীদের আবাসন, পরিবহন সমস্যা নিরসন ও ক্যাম্পাসের বিভিন্ন অসংগতি নিয়ে তীব্র সমালোচনা করেন।
ইসলামী ছাত্র আন্দোলনের চবি শাখার সভাপতি আবদুর রহমান বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পরে ২০২৫ সালে এসেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিয়ে (খাবার, আবাসন ও চিকিৎসা) আন্দোলন করতে হচ্ছে, যা খুবই লজ্জাজনক। এ ছাড়া এখনো ক্যাম্পাসে ফ্যাসিবাদের দোসরদের দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয়নি।’ তিনি আরও বলেন, ‘চাকসুর গঠনতন্ত্রের সব অসংগতি দূর করে আগামী এক সপ্তাহের মধ্যে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।
মানববন্ধনে ফাইন্যান্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি শাহজাহান বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিয়ত আবাসন, পরিবহন ও খাবারসংকট নিয়ে আন্দোলন করতে হচ্ছে। স্বায়ত্তশাসিত তিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলেও চাকসু নির্বাচনে দৃশ্যমান অগ্রগতি নেই। চাকসু নির্বাচন শিক্ষার্থীদের মৌলিক অধিকার। আমাদের দাবি হচ্ছে অনতিবিলম্বে চাকসু নির্বাচন দিতে হবে। এ ছাড়া আবাসন সমস্যা, যাতায়াত সমস্যা, শাটল ট্রেনের শিডিউলের সমস্যার সমাধান করতে হবে।’ মানববন্ধনে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।