রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। রবিবার (১৭ আগস্ট) বিভিন্ন বিভাগে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। নবাগতদের পদচারণে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার, জোহা চত্বর, টুকিটাকি চত্বর, আম চত্বর, পরিবহন মার্কেট, ইবলিশ চত্বরসহ বিভিন্ন জায়গায় খুশির আমেজ তৈরি হয়। সবার হাতে ছিল ফুল। একে অন্যের সঙ্গে পরিচিত হন। অনেককে আবার আড্ডায় মেতে উঠতে দেখা যায়। এ যেন অন্য রকম এক উৎসব।
এ সময় বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। অর্থনীতি বিভাগের নবীন শিক্ষার্থী মোছাম্মৎ তাসনিয়া বলেন, ‘এত সুন্দরভাবে আমাদের বরণ করে নেবে, সত্যি ভাবিনি। এখানে এসে সিনিয়রদের যে ব্যবহার পেলাম, তা সব ধারণা বদলে দিয়েছে। তাদের আন্তরিকতা দেখে মনে হয়েছে, এখানে সবাই একে অপরের আপনজন। মনে হচ্ছে, আমি আজ এক নতুন পরিবার পেয়েছি।’
ক্যাম্পাসের পরিবেশ কেমন লাগছে জানতে চাইলে চট্টগ্রাম থেকে আসা আইন ও ভূমি প্রশাসন বিভাগের আরেক নবীন শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান বলেন, ‘দীর্ঘদিনের কল্পনা-জল্পনা শেষে, সর্বোচ্চ পরিশ্রম করে এই ক্যাম্পাসকে আজ আমার করে পেয়েছি। কত যে ভালো লাগছে, সত্যি বলার মতো না। এত সুন্দর ও গোছানো বিশ্ববিদ্যালয় আমি দেখিনি। কলেজের অধ্যায় শেষ করে প্রথমবার পরিবারের থেকে এত দূরে এসেছি। মতিহারের এই প্রাঙ্গণের শৃঙ্খলা দেখে মনে হলো শিগগিরই নিজেকে মানিয়ে নিতে পারব।’
পঞ্চগড় থেকে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ভর্তি হয়েছেন নাসির নামে এক শিক্ষার্থী। তিনি বলেন, ‘প্রথম ক্লাসের অনুভূতিই আলাদা। রাত থেকেই খুব আবেগাপ্লুত ছিলাম। কখন সকাল হবে, কখন ১০টা বাজবে? বিভাগের শিক্ষকদের কথা শুনে মনে হলো উনারা খুবই আন্তরিক। সিনিয়ররা আমাদের ফুল-কলম দিয়ে বরণ করে নিয়েছেন। অবশেষে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে প্রথম ক্লাস করে আলাদা এক অনুভূতির সঙ্গে পরিচিত হলাম।’
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ হাসান নকীব বিভিন্ন বিভাগের ক্লাস কার্যক্রম পরিদর্শন এবং শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। এর আগে গত ১৪ আগস্ট র্যাগিং সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয় প্রক্টর দপ্তর। বিজ্ঞপ্তিতে, নবীন শিক্ষার্থীদের কেউ র্যাগিয়ের শিকার হলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।